ভিন্ন পরিচয়ে মেহের আফরোজ শাওন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৪৮
নতুন এক পরিচয় নিয়ে কাজ শুরু করলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আকস্মিক মৃত্যুর পর যে মানুষটি ভেঙে পড়েছিলেন তিনি নতুন করে যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করলো নতুন সাপ্তাহিক পত্রিকা ‘৭১ এবং’। মেহের আফরোজ শাওন এ পত্রিকার প্রধান সম্পাদক। বৃহস্পতিবার পত্রিকাটির যাত্রা শুরু হলো। প্রধান সম্পাদকের দায়িত্ব নিলেও শাওন। মঞ্চে বসতে কুণ্ঠা বোধ করছিলেন। স্বাগত বক্তব্য রাখতে এসে বললেন, ‘আজ আমার নতুন একটি পরিচয় তৈরি হলো। সম্পাদক হিসেবে। এই পরিচয়টি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। জানি, চলার পথ সহজ হবে না। তবে আমরা চেষ্টা করবো নতুন কিছু করতে।’ শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজা মিলনায়তনে পত্রিকাটি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন পত্রিকার উপদেষ্টা তহুরা আলী এমপি। পত্রিকাটির সম্পাদক আব্দুল আলীম অনুষ্ঠান সঞ্চালনা করেন। অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন নতুন এই সাপ্তাহিক পত্রিকাটি। হাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যম গণতন্ত্রের দর্পণ। দর্পণকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সংবাদ পরিবেশন করলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নতুন এই পত্রিকাটি তেমনভাবে পথ চলবে বলে আশা করি।’