যুদ্ধাপরাধ বিচার সম্পন্ন করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৫২
যুদ্ধাপরাধের বিচার পূর্ণাঙ্গভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল বৃহস্পতিবার বিকালে এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। আবুল কালাম আযাদ বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ে সরকারকে অভিনন্দন জানিয়ে এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে জোটের উদ্যোগে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকালে জোটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে একটি মিছিল বের হয়ে তা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়। সেখানে মানববন্ধনে সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য ম হামিদ বলেন, বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মাধ্যমে জাতি একটি স্বস্তির রায় পেয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, রায়ে একইসাথে জামায়াত ও ছাত্র সংঘের অত্যাচার-নিপীড়নের কথা উল্লেখ করা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ। এ রায় পরবর্তী বিচারের ভিত্তিভূমি হিসেবে কাজ করবে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান ধর্মকে রাজনীতি থেকে বিযুক্ত করার আহবান জানান। নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের পর জনগণের ঐক্য আমাদের আশান্বিত করেছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝুনা চৌধুরী, জোটের হাসান আরিফ, গোলাম কুদ্দুস।