গণপূর্তের কার্যভিত্তিক কর্মচারীদের নিয়মিত করার দাবি

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৫২
সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করে গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক সকল কর্মচারীর চাকরি নিয়মিত করার দাবি জানিয়েছেন কর্মরত শ্রমিক-কর্মচারীরা। বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বুধবার রাজধানীতে পূর্ত ভবন চত্বরে আয়োজিত যৌথ প্রতিনিধি সভায় তারা এ দাবি জানান। সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হানিফ ভুঁইয়া ও পরিচালনা করেন মহাসচিব মো. জাহাঙ্গীর আলম। হানিফ ভুঁইয়া বলেন, গণপূর্তের কর্মচারীরা বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয় ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সকল সরকারি স্থাপনা রক্ষণাবেক্ষণ করছেন। সরকারি বিধি মোতাবেক কার্যভিত্তিক কর্মচারীদের প্রতি বছর ৫০ শতাংশ হারে নিয়মিত করার প্রক্রিয়া বঙ্গবন্ধুর সময় থেকে হয়ে আসছে। কিন্তু ২০০৭ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা বন্ধ করে দেয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট ঐ প্রজ্ঞাপন অবৈধ ও বেআইনি ঘোষণা করেছেন। অবিলম্বে রায় বাস্তবায়নের মাধ্যমে আগের ১৯০৬ জনসহ পরবর্তীতে হওয়া সকল কার্যভিত্তিক কর্মচারীর চাকরি নিয়মিত করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, অন্যথায় কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ বিরাজ করছে তা প্রশমন কঠিন হয়ে উঠবে।