জ্ঞাত আয় বহির্ভূত প্রায় এক কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ পরিদর্শক মো. আব্দুস সালামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মো. আব্দুস সালাম বর্তমানে পদোন্নতি পেয়ে পুলিশ হেডকোয়ার্টারে এএসপি পদে কর্মরত। দুদকের উপ-সহকারী পরিচালক মো. ওয়াহিদুজ্জামান গত বুধবার রাজধানীর রমনা থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, অনুসন্ধানের শুরু থেকেই অভিযুক্ত আব্দুস সালাম বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর বক্তব্য ও তথ্য প্রদান এবং অনুসন্ধান কাজে অসহযোগিতা করেছেন। তিনি দুদকের দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজের নামে মোট ৪০ হাজার টাকার সম্পদ উল্লেখ করেছেন। অথচ অনুসন্ধানে তার আরো ৯৩ লাখ ২৪ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে দুদক কর্মকর্তা তথ্য প্রমাণ পেয়েছেন। অবৈধ সম্পত্তি অর্জন করায় তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।
