ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের সম্মানে ব্রোঞ্জের তৈরি তার একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হবে মারাকানা স্টেডিয়ামে। আগামী জুনে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামটি সংস্কারের পর নতুন করে উদ্বোধনের সময় মূর্তিটিও উন্মোচন করা হবে।
ব্রাজিলীয় কিংবদন্তির ৩০০ কেজি ওজনের এই মূর্তিটি ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। এখন চলছে এর চূড়ান্ত রূপ দেয়ার কাজ। ১৯৭০ সালে ম্যাক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে পেলের গোল করার একটি ছবির আদলে এই মূর্তিটি তৈরি করা হয়েছে। ওই ম্যাচে ৪-১ গোলে জয়লাভ করে ব্রাজিল।
রিও ভিত্তিক জার্নাল দো ব্রাজিলে ৩০ বছর ধরে কর্মরত কার্টুনিস্ট ইকো, যার আসল নাম ভিক্টর হেনরিক উইটচাচ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি একটি কঠিন কাজ। বিশেষ করে শূন্যে ভেসে পেলের গোল করার মুহূর্তটি ফুটিয়ে তোলা।’
সংস্কার করা ৭৯ হাজার আসন বিশিষ্ট মারাকানা স্টেডিয়াম এলাকার ভেতরে এটি স্থাপন করা হবে। কনফেডারেশন কাপ শুরুর কয়েকদিন আগে আগামী ২ জুন ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচের সুবাদে স্টেডিয়ামের উদ্ধোধনী দিনে ওই মূর্তিটিও উন্মোচন করা হবে।
বর্তমানে ৭২ বছর বয়সী পেলে অবশ্য এখনো মূর্তিটি দেখেননি। ইকো বলেন, ‘এটি চুপচাপ থাকা কোন পেলে নন। এটি ওই পেলে, যিনি গোল করছিলেন। ওই প্রতিকৃতিতে ফুটিয়ে তোলা হয়েছে পেলের ওই মুহূর্তটির অবয়ব, এমনকি তার হস্যোজ্জল মুখভঙ্গিটিও বাদ যায়নি।’
তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল একজন সেলিব্রেটির ভাস্কর্য তৈরি করা। ব্রাজিলে বিশ্বকাপ আয়োজনের এক বছর আগে মারাকানা স্টেডিয়ামে স্থাপনের জন্য পেলের ভাস্কর্যটি তৈরি করার মাধ্যমে আমার ওই স্বপ্ন বাস্তবতা পেল।’
প্রয়াত বিশ্ববিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকশনের একটি প্রতিকৃিতিরও ডিজাইন করেছেন এই কার্টুনিস্ট। যেটি ২০১০ সালের জুনে রিওর বোটাফোগো জেলায় স্থাপন করা হয়েছে।-বাসস
