চলে গেলেন বিশিষ্ট চিত্রপরিচালক ও সম্পাদক সৈয়দ মোহাম্মদ আউয়াল। গত ২৪ জানুয়ারি দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৩। ১৯৩০ সালের ১০ আগস্ট সৈয়দ মোহাম্মদ আউয়ালের জন্ম কলকাতার পাট-সারকাস এলাকায়। ফতেহ লোহানী নির্দেশিত চলচ্চিত্র ‘আসিয়া’র প্রধান সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রের সাথে তার সম্পৃক্ততা ঘটে। তার প্রথম নির্দেশিত ছবি ‘বালা’। এই ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন হায়দার শফি ও আনোয়ারা। ‘বালা’ই ছিল নায়িকা হিসেবে আনোয়ারার প্রথম ছবি। এরপর তিনি ‘অপরিচিতা’, ‘গুণাই বিবি’ ও ‘অন্তরঙ্গ’ ছবি তিনটি নির্মাণ করেছিলেন। এরপর রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ ও এটিএম শামসুজ্জামানকে নিয়ে ‘দুবাইওয়ালা’ নামে একটি ছবির নির্মাণ কাজ শুরু করেছিলেন। কিন্তু সেটি আর শেষ করতে পারেননি। একজন চিত্রসম্পাদক হিসেবেও তিনি ছিলেন বেশ আলোচিত। তার সম্পাদিত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য অনেক ছবি রয়েছে। ফিল্ম ডিক্টেরস অ্যাসোসিয়েশন ও ফিল্ম এডিটরস গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তিনি।
