একাধিক কনসার্ট নিয়ে ব্যস্ত মাকসুদ ও ঢাকা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ১৮:১৪
ব্যান্ড লিজেন্ড মাকসুদ তার ব্যান্ড ক্যারিয়ারের দীর্ঘ প্রায় ১৭ বছরের ভেতর এই প্রথমবারের মতো তার ব্যান্ড দল মাকসুদ ও ঢাকা নিয়ে আন্তর্জাতিক কোনো ভেন্যুতে পারফর্ম করতে যাচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি মাকসুদ ও ঢাকা পারফর্ম করবে অস্ট্রেলিয়াতে। এ ছাড়া মাঝে বেশ কিছু বিরতি নিয়ে আবারও যেন কনসার্ট মাঠে নতুন করে ব্যস্ত হয়ে পড়েছে এই ব্যান্ড দল। আগামী ১ ফেব্রুয়ারি ইন্ডিয়ান কালচারাল সেন্টারে পারফর্ম করবে এই দলটি। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে মাকসুদ বলেন, ‘সাধারণত আমরা প্রতিটা শোয়ের ব্যাপারে আলাদা করে ডিজাইন করি। প্রত্যেক শো’র কিন্তু আলাদা চরিত্র ও দর্শক থাকে। এমন কখনও হয় না যে আমাদের ২০টা বা ৩০টা গান প্র্যাকটিস করা আছে, আমরা গড়পড়তা শো করা শুরু করি। অন্তত মাকসুদ ও ঢাকাতে এই ধরনের ঘটনা কম ঘটে। এ কারণে কিছু কিছু শো আমাদের ফিরিয়েও দিতে হয়। সেটা আমাদের রুচির বৈষম্যের কারণে। ফেব্রুয়ারির প্রথম দিনে ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারে আমাদের শোটিতে মূলত কিছু বাছাইকৃত দর্শক থাকবেন। তাদের ক্ষেত্রে আমরা একেবারেই ভিন্নভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি। আর অস্ট্রেলিয়ার শোয়ের ব্যাপারে বলব দীর্ঘদিন পর পুরো ব্যান্ড দল নিয়ে এবারে দেশের বাইরে যাওয়া। আমরা সবাই খুবই উল্লসিত। দিনরাত প্র্যাকটিস চলছে আশা করি প্রবাসী বাঙালিদের অন্যরকম একটি কনসার্ট আমরা উপহার দিতে পারব।