দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা বেবী জামান গত ২৫ জানুয়ারি দুপুর ১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। আর মাত্র তিনদিন বেঁচে থাকলে নিজের আশিতম জন্মদিনটি পালন করতে পারতেন বেবী জামান। কিন্তু তা আর হলো না। তার আগেই তিনি পরপারের ডাকে পরপারেই পাড়ি জমালেন। বেবী জামান বেশ কয়েক বছর ধরে কিডনি ও লিভারজনিত সমস্যায় ভূগছিলেন। শারীরিকভাবে হাসপাতালে গিয়ে চিকিত্সা করানো সম্ভব নয় বিধায় ডাক্তার বাসাতে এসেই তার চিকিত্সা করাতেন। কিন্তু গত ৪ জানুয়ারি শুক্রবার তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানেই মৃত্যুর আগ পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণের মধ্যে তার চিকিত্সা চলে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। হাসপাতালে চিকিত্সা চলাকালীন সময়ে গুণী এই চলচ্চিত্র ব্যক্তিত্বকে দেখেতে গিয়েছিলেন বিশিষ্ট সংগীতজ্ঞ আজাদ রহমান, চিত্রনায়িকা সুচন্দা ও ববিতা। প্রিয় প্রিয় অনেক মানুষকেই শেষ দেখা দেখতে পারেননি বেবী জামান। মৃত্যুকালে বেবী জামানের স্ত্রী রওশন আরা জামান, দুই ছেলে সাঈদুজ্জামান রোজেন, রোমেন ও এক মেয়ে তিথিসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
