গান নিয়ে নিজের ক্ষোভের কথা বললেন লতিফুল ইসলাম শিবলী

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ১৮:১৫
নিজের দীর্ঘদিনের ক্যারিয়ার ও গান নিয়ে চলতি সময়ের গান ও এই বিশ্বায়নে সাংস্কৃতিক আগ্রাসনে ক্ষোভের কথা প্রকাশ করলেন নব্বই দশকের অন্যতম গীতিকবি। আধুনিক বাংলা গানের কিংবদন্তি লতিফুল ইসলাম শিবলী। সম্প্রতি একুশে টিভির জনপ্রিয় সেলিব্রিটি শো ‘মিডিয়া গসিপ’-এ আলাপচারিতায় শিবলীর এই ক্ষোভের কথা প্রকাশ পায়। ইসরাফিল শাহিনের প্রযোজনায় এই অনুষ্ঠানে শিবলী বলেন, ‘গীতিকার হিসেবে আমাদের মূল্যায়ন কখনোই হয়নি। ব্যান্ড তারকারা কনসার্টে কখনোই গীতিকারের নাম উচ্চারণ করে না। আর যদিওবা করে থাকেন তাতেও যেন আমরা ধন্য হয়ে যাই। কিছুদিন আগে শাকিলা জাফর টিভি লাইভে আমার গান ‘তুমি আমার প্রথম সকাল’ গাইলেন। অথচ আমার নামটি ভুল বললেন। মনে হলো, যেন অনেক কষ্টে তিনি আমার নাম স্মরণ করছেন।’ এ ছাড়া সাম্প্রতিক সাংস্কৃতিক আগ্রাসন ও গানের বাজার প্রসঙ্গে বলেন, ‘আমরা নিজেদের সম্মান দিতে জানি না। আজ আর কেউ নিজের একটা আদর্শ তৈরি করে ভক্তদের প্রভাবিত করতে পারছে না। উল্টো ভক্তদের পছন্দগুলো শিল্পী নিয়ে তাদের ওপর ভর করে জনপ্রিয় হওয়ার প্রবণতা বাড়ছে। এটা খুবই দুঃজনক।’ এ ছাড়া ব্যান্ড মিউজিক থেকে হঠাত্ করে সরে আসার পর ব্যান্ড মিউজিকে যে অবক্ষয় তৈরি হয়েছে সে কথাও তিনি উল্লেখ করলেন। তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে লতিফুল ইসলাম শিবলীর সাথে সহঅতিথি হিসেবে ছিলেন লুত্ফর হাসান। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১০টা ১০ মিনিটে।