বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিভিন্ন প্রকল্পের সমন্বয় বৃদ্ধি, দ্বৈততা পরিহারসহ প্রকল্পের বাস্তবায়ন আরো ফলপ্রসূ করতে প্রকল্প পরিচালকদের (পিডি) নিয়ে নবগঠিত পিডি’স ফোরামের উদ্বোধনী কর্মশালা গতকাল বিবিএস ভবনে অনুষ্ঠিত হয়। বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী কর্মশালায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. নজিবুর রহমান প্রধান অতিথি এবং যুগ্ম-সচিব ডা. এম এ জলিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট ইউনিসেফ, ইউএনএফপিএ, ডব্লিউএফপিসহ উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের আহবায়ক এবং বিবিএস-এর ফুড সিকিউরিটি এন্ড নিউট্রিশন সার্ভিলেন্স কম্পোনেন্ট প্রকল্পের পরিচালক মো. মাসুদ আলম। বিবিএস-এর চলমান ১০টি প্রকল্পের মূল কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্যাবলীসহ প্রকল্পসমূহের বিষয়বস্তুর উপর এবং আসন্ন অর্থনৈতিক শুমারি ২০১৩ কে সহায়তা প্রদানের সার্বিক উপায় ও পদ্ধতির উপর একটি উপস্থাপনা যৌথভাবে প্রদান করেন বিবিএস-এর এসআইএসবি প্রকল্পের প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহম্মদ এবং এমএসসিডব্লিউ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দীপংকর রায়।
