নাটকীয় এক ফাইনালে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। গতকাল শনিবার মেলবোর্নে অনুষ্ঠিত বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টটির মহিলা এককের ফাইনালে ইনজুরির কবলে পড়া চীনের লি না’র বিরুদ্ধে ৪-৬, ৬-৪ ও ৬-৩ গেমে জিতে এই কৃতিত্ব দেখান বেলারুশের মেয়েটি। অ্যাজারেঙ্কা এ নিয়ে দুইবার গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলেন। একই সাথে বিশ্বর্যাংকিংয়ে এক নম্বর আসনটিও রাখলেন অক্ষুন্ন।
লি নার সামনে ছিল এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হাতছানি। সে লক্ষ্যে তিনি এগিয়েও যাচ্ছিলেন দারুন ভাবেই। প্রথম সেটে বলতে গেলে উড়িয়েই দিয়েছিলেন ২৩ বছরের আজারেঙ্কাকে। ৬-৪ গেমে জয়ের পরে দ্বিতীয় সেটে ম্যাচে ফিরে আসা আজারেঙ্কা যখন ৩-১ গেমে এগিয়ে সেসময়ে প্রথমবারের মতো গোড়ালিতে চোট পান লি না। সাময়িক বিরতি নিয়ে আবার কোর্টে ফেরেন ৩০ বছর বয়সী চীনাটি। দ্বিতীয় সেটে বেলারুশ তারকা আজারেঙ্কার জয়ের পর তৃতীয় সেটের শুরুতে ‘অস্ট্রেলিয়া ডে’ উপলক্ষে আতশবাজি উত্সবের কারনে দুজনের এ লড়াই আবারো সাময়িকভাবে স্থগিত হয়। খেলা শুরু হওয়ার পরপরই ২০১১ সালের ফরাসি ওপেন জয়ী চীনের এই টেনিস খেলোয়াড় দ্বিতীয়বারের মতো মেডিকেল টাইম আউট নিতে বাধ্য হলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় আজারেঙ্কার শিরোপা। চোট নিয়েই দারুন লড়তে থাকা লি অনুমিতভাবেই শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি শিরোপাধারী খেলোয়াড়টির সাথে।
আজারেঙ্কা তৃতীয় সেটটি জিতে নিয়ে শিরোপার পাশাপাশি আরও বেশ কিছুদিনের জন্য বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর আসনটিও নিশ্চিত করলেন। ফাইনালে লি নার পাশাপাশি আজারেঙ্কাকে লড়তে হয়েছে সেমিফাইনালে তার টাইম আউট নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ক নিয়েও। ওই বিতর্কের কারনে দর্শক সমর্থনও ছিল অনেকটাই আজারেঙ্কার বিপক্ষে। অবশ্য ফাইনাল শেষে তার হাসিই বলে দিচ্ছিল শেষ পর্যন্ত সব বাঁধাই টপকাতে পেরেছেন তিনি। এমনকি ট্রফি জয়ের পর তিনি স্বাগতিক দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘এই কোর্টটিকে নিয়ে আমার সবসময়ই একটা আলাদা স্মৃতি থাকবে এবং আপনারাও চিরকাল আমার হূদয়ে থাকবেন।’
