আফ্রিকান নেশন্স কাপ

বুরকিনা ফাসোর জয়

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:০৪
অ্যালেইন ট্রায়োরের জোড়া গোলে ভর করে গত শুক্রবার নেলসপ্রুটে আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ পর্বে ইথিওপিয়াকে ৪-০ গোলে হারায় দশজনের বুরকিনা ফাসো। সেইসাথে আফ্রিকান নেশন্স কাপে দেশটির ১৮ ম্যাচ পর জয় খরা কাটল। বুরকিনা ফাসো সর্বশেষ জয় পেয়েছিল ১৯৯৮ সালে। দলের জয়ে অপর দুই গোল করেন জাকারিডজা কোন ও জোনাথন পিট্রোপা। এই জয়ে পশ্চিম আফ্রিকান দেশটি গ্রুপ ‘সি’র শীর্ষে অবস্থান করছে চার পয়েন্ট নিয়ে। শেষ আটের সুবাস পাচ্ছে দলটি। বুরকিনা ফাসোর গোলরক্ষক আবদৌলে সউলামা ৫৮ মিনিটে বক্সের বাইরে গিয়ে বল হাত দিয়ে স্পর্শ করায় লালকার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এদিকে জাম্বিয়া ও নাইজেরিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পয়েন্ট টেবিলে জাম্বিয়া ও নাইজেরিয়ার অর্জন সমান দুই পয়েন্ট। জাম্বিয়া দুই এবং তিনে অবস্থান করছে নাইজেরিয়া। কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা নিয়ে আগামী মঙ্গলবার বারকিনা ফাসো বর্তমান চ্যাম্পিয়ন জাম্বিয়ার মোকাবেলা করবে। রুস্তেনবার্গে ইথিওপিয়ার মোকাবেলা করবে নাইজেরিয়া। এদিকে ঘানা গত বৃহস্পতিবার গ্রুপ বি’র খেলায় ১-০ গোলে হারায় মালিকে। নাইজার ও কঙ্গোর ম্যাচটি হয় গোলশূন্য ড্র। ঘানা চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তিন পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মালি। দুই ম্যাচে দু’টি ড্র নিয়ে তিনে অবস্থান কঙ্গোর। সোমবার নাইজারের প্রতিপক্ষ ঘানা। অন্যদিকে কঙ্গো মোকাবেলা করবে মালির। কেপ ভার্দে আইল্যান্ড (গ্রুপ এ) আজ রবিবার পোর্ট এলিজাবেথে মুখোমুখি হচ্ছে অ্যাঙ্গোলার। আগের দু’টি ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। জয়ের জন্য মুখিয়ে থাকবে তারা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। ডারবানে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ মরক্কো। জয় অথবা ড্র স্বাগতিকদের শেষ আটে পৌঁছে দেবে। কেপ ভার্দে বেশ আলোড়ন সৃষ্টি করে বাছাইয়ে শক্তিশালী ক্যামেরুনকে হারিয়ে প্রথমবারের মত আফ্রিকান নেশন্স কাপে জায়গা করে নেয়ায়। মূল টুর্নামেন্টে এসে পরপর দুই ম্যাচে লড়াই উপহার দিয়েছে তারা। ফলে হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই কেপ ভার্দেকে।