অর্থ মন্ত্রণালয় থেকে সঠিক সময়ে টাকা না পাওয়ার কারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে। আর এমন অভিযোগ প্রতিটি প্রকল্প থেকে আসছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় করতে বিলম্ব করে। ফলে স্থানীয় সরকার বিভাগসহ প্রতিটি বিভাগের প্রকল্প বাস্তবায়নের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কমিটি বলেছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে দ্রুত টাকা ছাড় দেয়ার সুপারিশ করেছে। একইসাথে কমিটি অর্থ মন্ত্রণালয়কে টাকা ছাড়ের প্রক্রিয়া আরও সহজ করার জন্য পরামর্শ দিয়েছে।
কমিটির সদস্যরা প্রতিটি প্রকল্প বাস্তবায়ন যথাযথ এবং মানসম্মত করার জন্য নিয়মিত মনিটরিং করাসহ পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। অপরদিকে নতুন প্রকল্প অনুমোদন করার জন্য প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দ্রব্যাদির বাজারমূল্য বৃদ্ধি বা হ্রাস যা হোক না কেন ভবিষ্যত্ বাজারমূল্যের সাথে সামঞ্জস্য বিধানের শর্ত রেখে প্রকল্প অনুমোদনের সুপারিশ করা হয়।
