স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:২৪
শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হলো স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্স। কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বাংলাদেশের ওষুধ শিল্প ও বর্তমান বাস্তবতা’। বাংলাদেশের ওষুধ শিল্পের পথিকৃত্, শিল্পোদ্যাক্তা এবং স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর স্মরণে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কনফারেন্সের আয়োজন করে। অনিতা স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার ফাউন্ডেশন-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অনিতা চৌধুরী কনফারেন্সের উদ্বোধন করেন। দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশের ওষুধ শিল্পের সাথে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্স মোট চারটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বটি ছিল ‘বাংলাদেশের ওষুধ শিল্পের বর্তমান চিত্র ও ভবিষ্যত্’-এর ওপর। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ-এর সাধারণ সম্পাদক ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। ‘শিল্প প্রতিষ্ঠানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) প্রাত্যহিক তদারকির গুরুত্ব’ শীর্ষক দ্বিতীয় পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের চেরাই অ্যাসোসিয়েটস ইনকর্পোরেশন্স-এর ড. সুগী এস চেরাই। তৃতীয় পর্বটি অনুষ্ঠিত হয় ‘বায়োইকুইভ্যালেন্স নিরীক্ষা ও ওষুধ কোম্পানিগুলোর প্রস্তুতি’র ওপরে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিভিকে বায়োসায়েন্স ইন্ডিয়া লিমিটেড-এর কোয়ালিটি অ্যাসুরেন্স পরিচালক ড. এস রবিশংকর। সর্বশেষ পর্বটি অনুষ্ঠিত হয় ‘প্রত্যাশিত সম্পৃক্ততার ফ্রেমওয়ার্ক-ওষুধ শিল্প এবং একাডেমিয়া।’ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক। -প্রেস বিজ্ঞপ্তি