ট্রিবিউট টু ওস্তাদ সৈয়দ জাকির হোসেন

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২০:০০
শ্যাম্মা, সাদিয়া ও শুক্লা। তিনজনই সুর সম্রাট ওস্তাদ জাকির হোসেনের ছাত্রী। ওস্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওস্তাদের অত্যন্ত প্রিয় এই তিন ছাত্রী একত্রিত হয়ে তারই সুর করা বেশ কিছু গজল এবং আধুনিক গান এবার অ্যালবাম আকারে ভক্ত শ্রোতাদের হাতে তুলে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। ‘ট্রিবিউট টু ওস্তাদ জাকির হোসেন’ নামের এই অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। ওস্তাদ জাকির হোসেনের সুর করা ৭টি গজল এবং ৫টি আধুনিক গান অ্যালবামটিতে স্থান পেয়েছে। জীবদ্দশায় ওস্তাদ জাকির হোসেন একই গানের তিন রকমের সুর করেছেন। ঠিক এমনই একটি গান তিন রকমভাবে গেয়েছেন শ্যাম্মা, সাদিয়া ও শুক্লা। ‘ট্রিবিউট টু ওস্তাদ জাকির হোসেন’ অ্যালবামটিতে যাদের লেখা গজল ও গান স্থান পেয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন—মোঘল সাম্রাজ্যের শেষ মোঘল বাহাদুর শাহ্ জাফর, মীর তাকি মীর, মির্জা গালিব, ফিরাক বোরাকপুরী, হাফিজ জালানদারী, জিগার মুরাদাবাদীসহ আরও পাঁচজন। ‘ট্রিবিউট টু ওস্তাদ জাকির হোসেন’ অ্যালবামটি বাজারে আসছে শরীফ ফাউন্ডেশনের ব্যানারে। উল্লেখ্য, ওস্তাদ জাকির হোসেনে প্রয়াত হয়েছেন ২০১১ সালের ৫ নভেম্বর।