বলিউডের এখন কোনো ছবি যদি প্রথম দিনেই ১৫ কোটি রুপি আয়ের ছোঁয়া পায় তাহলে ধরে নেওয়া যায় ছবিটি সুপারহিট। কেননা, গত দুই-তিন বছরে এর প্রমাণ দিয়েছে অনেক ছবিই। সম্প্রতি মুক্তি পেলো দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘রেস ২’। আর ছবিটি মুক্তির প্রথম দিনেই আয় করে ১৫.১২ কোটি রুপি। এই সফলতায় দীপিকা পাড়ুকোন সাংবাদিকদের বলেন, ‘এ বছর আমার যতগুলো ছবি মুক্তি পাবে সবকটিই হবে সুপারহিট। কোনোটিই প্রথম দিনে ১৫ কোটির নিচে নামবে না। এমনকি কোনো কোনো ছবি প্রথম দিনে বলিউডের রেকর্ডও ভাঙতে পারে। আর এই নিশ্চয়তা আমি আগে থেকেই দিতে পারি। যেমন এপ্রিলে মুক্তি পাবে উপমহাদেশের সেরা সুপারহিরো রজনীকান্তের সঙ্গে আমার ছবি ‘কচারিয়ান’, মে মাসে মুক্তি পাবে আমার আর রণবীরের ‘ইয়ে হ্যায় জওয়ানি’, তার কিছুদিন বাদেই মুক্তি পাবে বলিউড কিং শাহরুখের সঙ্গে আমার ‘চেন্নাই এক্সপ্রেস’, এখানে শাহরুখ সম্পূর্ণ নতুনভাবে নিজেকে উপস্থাপন করেছেন। তারপর তো আসছে সঞ্জয় লীলা বানসালীর ‘রামলীলা’। তাই যে ক’টি ছবি করছি তা আমি নিশ্চিত যে, সবকটিই সময়ের সেরা ব্যাবসাটুকু করবে। আর এখন থেকে সেই ছবিগুলোই করব।’
