শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কর্মসূচি স্থগিত

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আন্দোলন এসএসসি পরীক্ষার জন্য স্থগিত করা হয়েছে। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান ধর্মঘট কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। একই দাবিতে ৩১ মার্চ ঢাকায় মহাসমাবেশ করবেন শিক্ষকরা। পাশাপাশি সরকার প্রশাসনের পক্ষ থেকে সমাবেশে বাধা দিলে ১ এপ্রিল হরতাল পালনের ঘোষণা দেয়া হয়েছে। সরকারকে ২১ দিনের সময় বেঁধে দিয়ে সেলিম ভুঁইয়া বলেন, ১৭ ফেব্রুয়ারির মধ্যে যদি দাবি মেনে নেয়ার ব্যবস্থা না করা হয় তাহলে কঠিন কর্মসূচি দেয়া হবে। তিনি বলেন, আমরা শক্তি সঞ্চয় করে আবার ঢাকার রাজপথে আসবো। এ সময় তিনি ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করে ১৮ ফেব্রুয়ারি প্রতি উপজেলায় বেলা ১১টায় বিক্ষোভ মিছিল পালন, ১২ মার্চ জেলা সদরে বিক্ষোভ মিছিল, ১১ থেকে ২০ মার্চ পর্যন্ত ছাত্র, অভিভাবক. পেশাজীবী ও রাজনীতিবিদদের মধ্যে প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। এর আগে পূর্ব কর্মসূচি অনুযায়ী মিছিল সহকারে শিক্ষকরা স্মারকলিপি নিয়ে জাতীয় সংসদের অভিমুখে রওনা হলে পুলিশ কদমফোয়ারার কাছে থামিয়ে দেয়। পরে সংগঠনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকারকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেন। স্পিকারের পক্ষে তার পিএস স্মারকলিপিটি গ্রহণ করেন। চাকরি জাতীয়করণের দাবিতে গত ১০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশের প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ধর্মঘট পালন করেন। এরপর ঢাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।