জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেধাবীদের সম্মাননা জানাল ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ। ২০১২ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী ছাত্রীদের সংবর্ধনা দিলো রাজধানীর সেরা এই প্রতিষ্ঠানটি। এর অংশ হিসাবে জিপিএ-৫ পাওয়া এক হাজার দশ জন ছাত্রীকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেয়া হয়। গতকাল রবিবার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, তোমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, আমাদের দেশের মেয়েরা এবারেস্ট বিজয় করেছে। আশা করছি তোমাদের মধ্য থেকে কেউ একজন মহাশূন্যে যাবে।
মঞ্জু আরা বেগম বলেন, ভিকারুননিসার মেয়েরা পড়াশুনাসহ সর্বস্তরে ভূমিকা রাখছে। এ বছর এই প্রতিষ্ঠানের ৩০০ ছাত্রী মেডিক্যাল এবং ৭০ ছাত্রী বুয়েটে চান্স পেয়েছে বলে জানান তিনি। নাজমুন সুলতানা নামের এক মেধাবী ছাত্রী বলেন, অনেক ভালো লাগছে। একটু দেরিতে হলেও নিজেদের প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পেয়েছি। আমি অনেক খুশি।
