শিক্ষার্থীদের সংকীর্ণতা ও অসহিষ্ণুতা বর্জন করতে হবে

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেছেন, অনেক স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। নিত্যনতুন জ্ঞান অর্জন এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে সেই প্রত্যাশা পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের দেয়ার অনেক কিছু আছে। আবার যারা নবাগত শিক্ষার্থী তাদেরও দেয়ার অনেক কিছু আছে। এই আদান-প্রদানের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় জীবন সফল হয়ে উঠে। শিক্ষার্থীদের সব ধরনের সংকীর্ণতা, অসহিষ্ণুতা বর্জন করতে হবে। পারস্পরিক প্রীতি ও বন্ধুত্বের চর্চায় সবাইকে এগিয়ে যেতে হবে। গতকাল রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক মো. ফরহাদ হোসেন, ট্রেজারার অধ্যাপক মো. নাসির উদ্দিন, প্রক্টর ড. সোহেল আহমেদ ও ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপাচার্য, ডীন, পরিচালকদের নিকট উপস্থাপন করেন।