চাকরি নয়, চাই শিক্ষা জাতীয়করণ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
শিক্ষা জাতীয়করণের দাবিতে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছে সরকার সমর্থিত শিক্ষক সংগঠন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। এ উপলক্ষে গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, আমরা চাকরি জাতীয়করণ চাই না। চাই শিক্ষা জাতীয়করণ। সম্মেলনে বলা হয়, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় স্কেলে মূল বেতনের শতভাগ পেয়ে থাকেন। সে সাথে কম-বেশি বিভিন্ন আর্থিক সুবিধা পান। ভৌতকাঠামোসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও সরকার কিছু কিছু দায়িত্ব পালন করে থাকে। কিন্তু শিক্ষকের চাকরি সরকারি হয়ে যাবে আর প্রতিষ্ঠান বেসরকারি থাকবে এ ধরনের বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীর উন্নয়ন ভাবনাকে অন্তর্ভুক্ত না করে শুধু গোষ্ঠীগত স্বার্থপরতাকে প্রশ্রয় দানের অভিযোগ তোলার অবকাশ থেকে যায়। সরকার ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির কাছেও তা গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। এর বিপরীতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারীসহ শিক্ষা জাতীয়করণ বাস্তবসম্মত। দাবি আদায়ে ৩০ জানুয়ারি উপজেলায় এবং ১ ফেব্রুয়ারি জেলায় মিছিল, ২ ফেব্রুয়ারি সকল জেলায় মশাল ও মোমবাতি মিছিল, ৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ বার এসোসিয়েশন, মেডিকেল এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব কর্মকর্তাদের সাথে সভাসহ ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।