পেইন কিলার ওষুধ সেবনে শিশুদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
শিশুদেরও বড়দের মত এখন আমরা নানা ধরনের পেইন কিলার বা ব্যথা নাশক ওষুধ সেবন করতে দেই। অথচ শিশুদের জন্য পেইন কিলার তাদের কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এমনই একটি উদ্বেগজনক তথ্য দিয়েছেন মার্কিন গবেষকগণ। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন শিশুদের ব্যথা নিরাময় ও জ্বরের চিকিত্সায় নন স্টেরয়ডাল এন্টি-ইনফ্লামেটরি ড্রাগ যেমন: আইব্রুফেন সেবন করতে দেয়া হয় যা শিশুদের কিডনি বিকল হওয়ার অন্যতম কারণ হতে পারে। জার্নাল অব পেডিয়াট্রিকস-এ প্রকাশিত এক গবেষণা নিবন্ধে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষক ড: জেসন মিসুর্যাক স্থানীয় একটি শিশু হাসপাতালে চিকিত্সাধীন ২৭ জন শিশু যাদের এনএসএআইডি নামক ব্যথা নাশক ওষুধ দেয়া হয়েছে তাদের ৩ ভাগের একিউট কিডনি ফেইলিওর হয়েছে। ড: মিসুর্যাক-এর অভিমত পরিসংখ্যান হয়ত বা ছোট হতে পারে। কিন্তু আক্রান্ত শিশুদের ৪ জনের কিডনি ডায়ালাইসিস-এর প্রয়োজন হয়েছে এবং ৭ জনের স্থায়ী কিডনি অকেজো হয়ে গেছে। শিশুদের সবচেয়ে বেশি ব্যথা নাশক দেয়া হয়েছে আইব্রুফেন ৬৭ শতাংশ এবং ন্যাপ্রক্সেন ১১ শতাংশ। মিয়ামি চিলড্রেনস হাসপাতালের শিশু কিডনি বিভাগের পরিচালক ড: ফেলিক্স বামিরেজ সেজাস এর অভিমত: নন স্টেরয়ডাল ব্যথা নাশক জাতীয় ওষুধের অপব্যবহার এবং অতিরিক্ত ব্যবহার হচ্ছে। আর এর জন্য চিকিত্সক ও অভিভাবকগণ দায়ী। ড: বামিরেজ সেজাস-এর অভিমত শিশুদের সংশ্লিষ্ট চিকিত্সকের পরামর্শ ছাড়া ব্যথা নাশক ওষুধ দেয়া উচিত নয় এবং ব্যথা নাশক ওষুধ যদি দিতেই হয় তবে অবশ্যই প্রচুর পানি পান করতে হবে।