ফরাসি স্ট্রাইকার অলিভার গিরউড যেন আর্সেনালকে রবিন ফন পার্সির অভাব ভোলানোর মিশন হাতে নিয়েছেন। অন্তত সর্বশেষ দুটি ম্যাচ দেখে তাই মনে হচ্ছে। লিগে ওয়েস্টহামের বিপক্ষে জোড়া গোলের পর শনিবার এফএ কাপে আবার করলেন জোড়া গোল। আর তার এই জোড়া গোলেই ভর করে ব্রাইটন এন্ড হোভ আলবিয়নকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল।
তবে এফএ কাপে দিনের সবচেয়ে আলোচিত ঘটনা আর্সেনালের জয় নয়; ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয়। রায়ান গিগস ও জাভিয়ার হার্নান্দেজে ভর করে শনিবার এফএ কাপে ফুলহ্যামকে হারিয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ রাউন্ডের ম্যাচে ম্যানইউ ৪-১ গোলে হারায় ফুলহ্যামকে।
এফএ কাপে গিগস ২০ বছর আগে গোল করা শুরু করেছিলেন। বর্তমানে ৩৯ বছর বয়সী গিগস ১৯৯৩ সালের ২৩ জানুয়ারিতে ব্রাইটন এন্ড হোভ আলবিয়নের বিপক্ষে প্রথম গোল করেন। ২০ বছর পর শনিবারের গোলটি ছিল তার এফএ কাপে ১২তম। ম্যাচের তিন মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গিগস। ওয়েইন রুনি ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। মেক্সিকোর তারকা হার্নান্দেজ ৫২ ও ৬৬ মিনিটে গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন। ফুলহ্যামের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন অ্যারন হিউজ; ৭৭ মিনিটে।
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এর আগে পাবলো জাবালেটার গোলে ভর করে ১-০ ব্যবধানে হারায় স্টোক সিটিকে। আর্সেনাল অলিভার গিরউডের জোড়া গোলে ভর করে দ্বিতীয় স্তরের ব্রাইটন এন্ড হোভ আলবিয়নকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেয়। আর্সেনালের জয়সূচক গোলটি করেন থিও ওয়ালকট ম্যাচের ৮৫ মিনিটে।
প্রিমিয়ার লিগে খেলা নরউইচ সিটি, কুইন্স পার্ক রেঞ্জার্স এবং অ্যাস্টন ভিলাকে বিদায় নিতে হয়েছে। নরউইচকে হারায় নন লিগ দল লুটন টাউন। আর তৃতীয় স্তরের দল মিল্টন কেনেস ডন পরাজিত করে কুইন্স পার্ক রেঞ্জার্সকে! লুটন পঞ্চম স্তরের দল। তারা ১-০ গোলে নরউইচকে হারায়। ২৪ বছরের মধ্যে এমন ঘটনা প্রথম ঘটল যে, কোন নন-লিগ দল শীর্ষ ফুটবল খেলা দলের বিদায় ঘন্টা বাজিয়ে দিল।
এফএ কাপে লুটন মাত্রই সপ্তম দল হিসেবে পঞ্চম রাউন্ডে প্রবেশ করল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম! কুইন্স পার্ক রেঞ্জার্স তো প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। নিজেদের মাঠে তারা হারল লিগ ওয়ানের এমকে ডনসের বিপক্ষে। কুইন্স পার্কের ম্যানেজার হ্যারি রেডন্যাপ নয় খেলোয়াড়ের পরিবর্তন এনে ছিলেন। শুরুর লাইন আপে ছিলেন সাতজন আন্তর্জাতিক ফুটবলের খেলোয়াড়। কিন্তু কিছুতেই কিছু হয়নি ৪-২ গোলে হারতে হয়েছে তাদের। এভারটন প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে অবস্থান করছে। ২-১ গোলে তারা বোল্টনকে হারায়।
ম্যানসিটি গত ছয়বারের সফরে স্টোকে জয় তুলে নিতে পারেননি। প্রথমার্ধেই তারা অধিনায়ক এবং সেন্টার ব্যাক ভিনসেন্ট কম্পানি হারায়। ইনজুরি আক্রান্ত হন কম্পানি। জাবালেটা ম্যানসিটির হয়ে গোল করেন ৮৫ মিনিটে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ আমরা রক্ষণভাগে ভাল ছিলাম এবং আক্রমণভাগে ছিলাম আগ্রাসী।’ এদিকে গত শুক্রবার অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে বিদায় করে দেয় চ্যাম্পিয়নশিপ ক্লাব মিলওয়াল।
এফ এ কাপে শনিবারের ফল
স্টোক সিটি ০ - ১ ম্যানচেস্টার সিটি
বোল্টন ১ - ২ এভারটন
ব্রাইটন এন্ড হোভ আলবিয়ন ২ - ৩ আর্সেনাল
ডার্বি কাউন্টি ০ - ৩ ব্লাকবার্নস রোভার্স
হার্ডাসফিল্ড ১ - ১ লিচেস্টার সিটি
হাল সিটি ০ - ১ বার্নসলে
ম্যাকলেসফিল্ড টাউন ০ - ১ উইগান
মিডলসবরো ২ - ১ অ্যালডারশট টাউন
নরউইচ সিটি ০ - ১ লুটন টাউন
কুইন্স পার্ক রেঞ্জার্স ২ - ৪ মিল্টন কেনেস ডনস
রিডিং ৪ - ০ শেফিল্ড ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড ৪ - ১ ফুলহ্যাম
