আজ চট্টগ্রামের বিপিএল শুরু

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৪২
নিজেদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ আজ চিটাগাং কিংসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে (বিপিএল) তিন ম্যাচে দু’টিতে হেরে যাওয়া এই দলটি আজ নিজ শহরে খেলতে নামবে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট রয়েলস। চিটাগাং সর্বশেষ ম্যাচে খুলনা ভেন্যুতে বরিশালকে হারিয়ে বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসকে হারিয়ে চার ম্যাচে টানা চারটি জিতে শীর্ষে অবস্থান করছে সিলেট। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আজ সোমবার বিপিএলের উদ্বোধন হবে। উদ্বোধনী ম্যাচের পর সন্ধ্যা ছয়টায় লড়াই হবে বরিশাল বার্নার্স ও দুরন্ত রাজশাহীর মধ্যে। স্বাগতিক চিটাগাং কিংসের প্রথম জয় এসেছে খুলনা থেকে। তবে স্বাগতিক হিসেবে সিলেটকে হারাতে তারা প্রস্তুত। সিলেটের দুশ্চিন্তা অবশ্য কিছুটা কম। টানা চার ম্যাচ জিতে নির্ভার তারা। স্বাগতিক হিসেবে চিটাগাং বাড়তি সুবিধা পাবে এম এ আজিজ স্টেডিয়ামে। এই সুবিধাটা আছে খানিকটা দুরন্ত রাজশাহীর জন্যও। দলের সহ-অধিনায়ক তামিম ইকবালের শহর চট্টগ্রাম। নিজ শহরে আজ দলকে জেতাতে তিনিও প্রস্তুত। টানা তিন ম্যাচ হেরে যাওয়ায় বিপিএলে রাজশাহীর জন্য অন্যদের সাথে লড়াইয়ে সামিল হওয়াটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামেই তামিমের ক্রিকেটের হাতে খড়ি। এই মাঠেই দলকে ভালো কিছু এনে দিতে চান তিনি। আজ বরিশালের বিপক্ষে ম্যাচ। পয়েন্ট টেবিলে দুই দলের কারো অবস্থান তেমন ভালো নয়। দুই দলই চারটি ম্যাচে একটি করে ম্যাচ জিতেছে। আজ যারা জিতবে তারাই এগিয়ে যাবে। বরিশালের অধিনায়ক ব্র্যাড হজ, সাথে আছেন ফিল মাষ্টার্ড, জো ড্যানলি, আজহার মাহমুদের মত অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়। বরিশালের জন্যও আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। আজকের খেলা চিটাগাং কিংস-সিলেট রয়েলস দুপুর ২টা বরিশাল বার্নার্স-দুরন্ত রাজশাহী সন্ধ্যা ৬টা