ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে গেটাফেকে গতকাল ৪-০ গোলে হারিয়ে লা লিগায় বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। রোনালদো এ নিয়ে ক্লাব ক্যারিয়ারে ৩০০টি গোল করলেন। এদিকে এফএ কাপের ম্যাচে ব্রেন্টফোর্ড সিটির সাথে ২-২ গোলে ড্র করলো চেলসি। এই জয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে রিয়াল। ম্যাচে প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে রিয়ালের প্রথম গোলটি করেন সার্জিও রামোস (৫৩ মিনিট)। বাকি সময়টা জুড়ে শুধুই রোনালদো। ৭২ মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি। এদিকে এফএ কাপের ম্যাচে ৪২ মিনিটে মার্সেলো ট্রোটার গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। ৫৫ মিনিটে সমতা ফেরান হুয়ান মাতা। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি ফরেস্টার। এর ১০ মিনিট পর গোল করে চেলসির মান বাঁচান স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস।
