ঢাকায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বিজেএমসি এবং ফেনীতে স্বাগতিক সকার ক্লাব ও আবাহনীর খেলা দিয়ে আজ সোমবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্ব শুরু হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকার খেলাটি শুরু হবে বিকাল সাড়ে চারটায়। ফেনীতে বিকাল পৌনে তিনটায়। নয় দলকে নিয়ে প্রথম পর্বে যেভাবে খেলা শুরু হয়েছিল ফিরতি পর্বেও একই ফিকশ্চারে খেলা হবে।
মাঝে সাতদিনের বিরতির পর ফিরতি পর্বে শিরোপা এবং রেলিগেশন দুটোর জন্যই লড়াই তীব্র হবে বলে আশা করছেন ফুটবলামোদীরা। শিরোপা লড়াইয়ে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র (১৯), শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৮) ও বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী (১৭)। পয়েন্ট টেবিলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও (১৪) খুব একটা দূরে নেই। মুক্তিযোদ্ধার পেছনেই দাঁড়িয়ে মোহামেডান এবং বিজেএমসি।
পেশাদার লিগের মধ্যবর্তী দলবদলে শেখ রাসেল তাদের আক্রমণভাগ মজবুত করতে ঢাকার মাঠের একসময়ের শীর্ষ গোলদাতা নাইজেরিয়ান ওলালেকান বুকলাকে এনেছে। বুকলা গত মৌসুমেও খেলেছেন শেখ রাসেলে। কিন্তু সেখানে তার গোল সংখ্যা খুব বেশি না হলেও প্লেমেকার ছিলেন কুশলী। এ কারণে আবার তার উপর আস্থা রেখেছে দলটি।
শেখ জামাল প্রথম পর্বের কয়েকজনকে বাদ দিয়ে দ্বিতীয় পর্বের জন্য চার নাইজেরিয়ানকে নিয়েছে। এরা হলেন- মোহামেডানের অগাস্টিন এবং নতুন হিসেবে আলফ্রেড, সানডে, এমানুয়েল। শিরোপা লড়াইয়ে থাকা শেখ জামাল বাড়তি শক্তি নিয়ে মাঠে নামতে চায়। দলটির নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসির জন্য ভালো খবর হচ্ছে রাইটব্যাক আরিফুল ইসলাম ইনজুরি কাটিয়ে ফিরছেন। তাতে শক্তিশালী হচ্ছে শেখ জামালের রক্ষণভাগ।
আবাহনীর জার্সি গায়ে ঘানাইয়ান ফুটবলাররাই খেলবেন। ইব্রাহিম, ফ্রাঙ্ক, সামাদ ইউসুফরা তো থাকছেনই সাথে ক্যামেরুনের ইয়োকো এখনও দলের ভরসা হয়ে আছেন।
ফিরতি পর্বের জন্য দুই জন রাশিয়ান ফুটলার আনলেও বিজেএমসি শুধুমাত্র উখাররিভ সার্গেইকে রেজিস্ট্রেশন করিয়েছে। শেখ জামালের নাইমুর রহমান শাহেদ এবং সকার ক্লাবের রাজিবকে দলে নিয়েছে বিজেএমসি।
এদিকে রেলিগেশনের দুশ্চিন্তা নিয়ে মাঠে নামছে ফেনীর সকার ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগ ক্রীড়া সংঘ। শেখ জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্তার আকনকে নিয়েছে আরামবাগ। সাথে আছে কিছু দেশি ফুটবলার, স্বাধীনতা ক্রীড়া সংঘের কায়েস, রেলওয়ের চট্টগ্রাম দলের জাকির হোসেন ও ব্রাদার্সের মাহমুদুল হাসান।
সকার ক্লাবও মান বাঁচাতে সেনেগাল থেকে ব্যাডজোকে, ব্রাদার্সের বেনিনের ফুটবলার ওয়াসিও ওলালেকান, চট্টগ্রাম আবাহনীতে খেলা অ্যান্থনি পল, বিসিআইসি চট্টগ্রাম দলের আরিফুল হক সৈকতকে নিয়েছে।
অন্যদের তুলনায় লিগের প্রথম পর্বের প্রায় সব কয়টি ম্যাচ ভালো খেলেছে ব্রাদার্স। দুর্ভাগ্য যেন তাদের পিছু ছাড়ছিল না। গোল লাইন থেকেও বল ফিরে এসেছে বহুবার। গোল করে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয়েছিল দলটির।
টানা ছয় ম্যাচ হারের রেকর্ড নিয়েছে ব্রাদার্স। শেষ পর্যন্ত সপ্তম ম্যাচে আরামবাগকে হারিয়ে প্রথম পর্বে একমাত্র জয়টির মুখ দেখেছিল ব্রাদার্স। এবার তারাও দলটাকে একটু সাজাতে মুক্তিযোদ্ধার ক্যামেরুনের এমানুয়েল ফিলিসোকে নিয়েছে। সদ্য সিনিয়র ডিভিশন ফুটবলে উঠে আসা বাড্ডা জাগরণীর প্রণব কুমারসহ আরো দুই জন ফুটবলার নেয়া হয়েছে দলে। লিগের প্রথম পর্ব গোপালগঞ্জে শেষ হয়েছিল ২০ জানুয়ারি।
আজকের খেলা
আবাহনী ঃ সকার ক্লাব
(ফেনী স্টেডিয়াম, ২টা ৪৫)
শেখ জামাল ঃ বিজেএমসি
(বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৪টা ৩০)
প্রথম পর্বের পয়েন্ট তালিকা
শেখ রাসেল ৮ ৬ ১ ১ ১৯
শেখ জামাল ৮ ৫ ৩ ০ ১৮
আবাহনী ৮ ৫ ২ ১ ১৭
মুক্তিযোদ্ধা ৮ ৪ ২ ২ ১৪
মোহামেডান ৮ ৪ ১ ৩ ১৩
বিজেএমসি ৮ ৩ ২ ৩ ১১
ব্রাদার্স ৮ ১ ১ ৬ ৪
সকার ক্লাব ৮ ১ ০ ৭ ৩
আরামবাগ ৮ ১ ০ ৭ ৩
