তেত্রিশ বছর কেটে গেল...

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ১৯:২২
গেল বছর মাইলসের ৩০ বছরপূর্তি উত্সব পালন করা হলেও মূলত গেল বছর ৩২ বছর পার করে। কিন্তু ব্যান্ড হিসেবে নিজেদের ব্যস্ততার কারণে খানিক বিলম্বেই ত্রিশ বছর পূর্তি উত্সব পালন করা হয়। সেই হিসেবে এবছর মাইলস তেত্রিশ বছরে পা দিল। তবে সুনীলের কবিতার মতো তেত্রিশ বছর কেটে গেলেও অনেকেই কথা রেখেছে। অর্থাত্ দীর্ঘদিন ধরে প্রায় একই ব্যান্ড লাইন আপে একই জনপ্রিয়তায় পারফর্ম করে আসছে। তেত্রিশ বছরের এই দীর্ঘপথে অগণিত জনপ্রিয় গান নিয়ে সারা বিশ্ব ঘুরলেও মাইলসের ভক্তদের জন্য অন্যতম খবর হলো, তারা এ বছর আসছে তাদের নতুন অ্যালবাম নিয়ে। মাস কয়েক আগে মাইলস তাদের আমেরিকা ট্যুরের আগেই তাদের গানের রেকর্ডিংয়ের অনেকটাই এগিয়ে নিয়ে যান। অ্যালবামের নাম দিয়েছেন যথারীতি ‘প্র’ আদ্যোক্ষর দিয়ে ‘প্রতিকৃতি’। এখনও লেবেল নিয়ে তারা ভাবেননি। তবে এরই মধ্যে বেশ কয়েকটি লেবেল কোম্পানি তাদের সাথে যোগাযোগ করেছে অ্যালবাম প্রডিউস করার জন্য। নিজেদের নতুন ব্যান্ডের অ্যালবামের রেকর্ডিং প্রসঙ্গে মাইলসের শাফিন আহমেদ বলেন, ‘আসলে রেকর্ডিংয়ের বিষয়টা পুরোপুরি মুডের ওপর নির্ভর করে। তাই খুব শিগগিরই আমাদের রেকর্ডিং সেশন শুরু করব। এ ছাড়া এই শীত মৌসুমে টানা শো করে চলেছি। সর্বশেষ চট্টগ্রাম ক্যান্টনমেন্টে অসাধারণ দর্শকদের সামনে একটি দারুণ কনসার্টে অংশ নিলাম।’ তাই ত্রেতিশ বছর কেটে গেলেও মাইলস আজও অবধি প্রায় তিন প্রজন্মের কাছেই সমান জনপ্রিয়তা নিয়ে এগিয়ে চলেছে। টানা কয়েকমাসের আমেরিকা সফর শেষে এবারে দেশের কনসার্ট নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন। তবে খুব শিগগিরই আবারও দেশের বাইরের কনসার্ট নিয়ে নতুন শিডিউল তৈরি করবেন। আগামী শুটিং ও গান রেকর্ডিং প্রসঙ্গে শাফিন আহমেদ আরও বলেন, ‘বর্তমানে এতগুলো চ্যানেল এলেও, কোথাও ভালো কোনো ব্যান্ড গানের ভিডিও নেই। এটা এখন সবচেয়ে বড় প্রয়োজন হয়ে গিয়েছে। একটি ব্যান্ড গানের ভিডিও করতে হলে যে পরিমাণ অ্যারেঞ্জমেন্ট, অর্থলগ্নি প্রয়োজন তা কে জোগান দেবে? এই বিষয়গুলো এখন বড় প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছে। তবে এর পরও আমরা এ বছর বেশ কটি গানের নতুন ভিডিও দর্শকদের উপহার দেব বলে সেই প্রস্তুতি নিচ্ছি।’