মেসি ম্যাজিকে উড়ল বার্সেলোনা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যেন গোল উত্সবে মেতেছেন। নূ ক্যাম্পে গত রবিবার লা লিগায় মেসির চার গোলে ভর করে বার্সেলোনা ৫-১ গোলে হারায় ওসাসুনাকে। এর আগে স্যান্টিয়াগো বার্নাব্যুতে রোনালদোর হ্যাটট্রিকে লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে হারায় গেটাফেকে। আগামীকাল বুধবার কোপা ডেল রে তে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে এল ক্লাসিকোর আগে দারুণ প্রস্তুতি নিল স্পেনের জায়ান্ট দুই ক্লাব। দুই জায়ান্টের জয়ের দিন হারের মুখে পড়েছে দ্বিতীয় স্থানে থাকা রাদামেল ফ্যালকাওবিহীন অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে তারা ৩-০ গোলে হেরে যায়। এই হারে শীর্ষে থাকা বার্সেলোনা (৫৮) থেকে ১১ পয়েন্ট পেছনে পড়ে গেল অ্যাটলেটিকো (৪৭)। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ (৪৩) ১৫ পয়েন্ট পেছনেই থাকল বার্সেলোনার। ফিফা বর্ষসেরা আর্জেন্টিনার ফুটবলার মেসি প্রথম খেলোয়াড় যিনি লা লিগায় টানা এগারো ম্যাচে গোল করলেন। তিনি রবিবার রাতে চার গোল করলেন এবং দশজনের ওসাসুনা উড়ে গেল। চলতি মৌসুমে লা লিগায় মেসির গোল সংখ্যা ৩৩টি। ক্রিস্টিয়ানো রোনালদোর (২১) চেয়ে ১২টি বেশি। ক্লাবের হয়ে মেসির গোল সংখ্যা ২০২টি। রোনালদোর ক্লাব গোল সংখ্যা এখন ৩০২টি। মাত্রই ২৫ বছর বয়সে ২০০ গোলের বেশি করলেন মেসি। ম্যাচের ১১ মিনিটে জাভি হার্নান্দেজের সহযোগিতায় গোল করেন মেসি। ২৪ মিনিটে ওসাসুনার রাউল লো সমতায় ফেরান দলকে। ২৮ মিনিটে মেসির গোলটি ছিল পেনাল্টি থেকে। ৪০ মিনিটে দানি আলভেজের দারুণ নৈপুণ্যে গোল করেন পেদ্রো। মেসি হ্যাটট্রিক করেন ৫৬ মিনিটে। ডেভিড ভিয়া এবার বল পাইয়ে দেন। দুই মিনিট পর আবারো মেসি গোল করে দলকে ৫-১ ব্যবধানে এগিয়ে দেন। রিয়াল মাদ্রিদের চারটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। গেটাফের বিপক্ষে ডার্বি জিতল হোসে মরিনহোর দল দারুণভাবে। সার্জিও র্যামোস ৫৩ মিনিটে দলের প্রথম গোল করেছিলেন। রোনালদো ৬২ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন। ৭২ মিনিটের মধ্যে আরো দুটি। মানে দশ মিনিটের মধ্যে তিন গোল রোনালদোর। এছাড়া রবিবার মালাগা ৩-২ গোলে মার্য়োকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। রায়ো ভায়েকানো ৩-০ গোলে রিয়াল বেটিসকে হারিয়ে ৬ষ্ঠ স্থানে উঠে আসে। রবিবারের ফলাফল রিয়াল মাদ্রিদ ৪ গেটাফে ০ রায়ো ভায়েকানো ৩ রিয়াল বেটিস ০ বার্সেলোনা ৫ ওসাসুনা ১ অ্যাথলেটিক বিলবাও ৩ অ্যাটলেটিকো মাদ্রিদ ০ মার্য়োকা ২ মালাগা ৩