নিজ শহরেও ভাগ্য বদলাতে পারল না চট্টগ্রাম

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
কাগজে কলমে অন্যতম সেরা দল গড়েও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে চিটাগাং কিংস। আশা ছিল, নিজেদের শহরে এসে অন্তত সেখান থেকে বের হতে পারবে। তাও হল না। কাল সোমবার সিলেট রয়েলসের কাছে হেরে সেই বৃত্তেই আছে দলটি; ৪ ম্যাচে এটি তাদের তৃতীয় পরাজয়। উল্টো দিকে গতবারের ফ্লপ দল সিলেট রয়্যালস ধরে রেখেছে নিজেদের শতভাগ সাফল্য। বিপিএলের শুরু থেকে দুর্দান্ত খেলা সিলেট পেয়েছে কাল টানা পঞ্চম জয়। কাল তারা চিটাগাং কিংসকে হারিয়েছে ৩ উইকেটে। গতকাল সোমবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চিটাগাংয়ের ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে সিলেট তিন বল বাকি থাকতে জয় পায়। ১৭২ রান করেও চিটাগাংয়ের এই হার দুঃখজনক। ম্যাচ শেষে সেই হতাশার কথাই জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, ‘এই হার আমাদের জন্য অনেক হতাশার। নাঈম ইসলাম ও রবি বোপারা চমত্কার একটি সূচনা এনে দেয়ার পরও আমাদের পরাজয় সত্যিই দুঃখজনক’। নাঈম ও বোপারা ওপেনিং পার্টনারশীপে দলকে নয় ওভারে ৭৮ রান এনে দিয়েছেন। এই দুইজনকে বিচ্ছিন্ন করেন সোহাগ গাজী। ২৯ বলে ৩৪ রান করা বোপারাকে ফিরিয়ে দেন এই অফ স্পিনার। এরপর আসা ব্রেন্ডন টেইলর বেশিক্ষণ টিকতে পারেননি। কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন নাঈম। সোহরাওয়ার্দী শুভ’র বোলিংয়ে আউট হওয়ার আগে তিনি খেলেছেন ৫২ বলে ৭২ রানের একটি ইনিংস। মূলত তার ব্যাটিংয়েই চিটাগাং পায় ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭২ রানও কঠিন টার্গেট; কাল সেটা টের পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট। শূন্য রানে হ্যামিল্টন মাসাকাজ্জা আউট হন। এরপর ৫৬ রানে অধিনায়ক মুশফিকুর রহিমসহ বিদায় নেন দলের চার টপ অর্ডার। সেখান থেকে ম্যাচ সেরা আফগানিস্তানের মোহাম্মদ নবি (২৬ বলে ৪৩), নাজমুল হোসেন মিলন (২৩ বলে ৩২) ও এল্টন চিগুম্বুরা (১৭ বলে ৩১) দলকে জয়ের দিকে টেনে নিয়ে গেছেন। সিলেটের এই পারফর্মেন্সে প্রতিপক্ষের অধিনায়কের মুখ থেকেও ঝরেছে প্রশংসা। রিয়াদ বলেন, ‘শুরুতে বোলিং ভালো হয়েছে। কিন্তু মাঝখানের ওভারগুলোতে তেমন ভালো বল করতে পারিনি। টানা জয়ের মধ্যে থাকায় সিলেটের টিম স্পিরিটও দারুণ। তবে আমাদেরও এখন পেছনে ফিরে তাকাবার সুযোগ নেই। যে ভাবে হোক আমাদের ঘুরে দাঁড়াতেই হবে’। চার ম্যাচে মাত্র একটি জয়, তাও সেটি এবারের বিপিএলে দুর্বল প্রতিপক্ষ বরিশাল বার্নার্সের বিপক্ষে। আরো সাত ম্যাচ বাকি, অথচ দলের পারফর্মেন্সে মোটেও খুশি নয় চিটাগাং কিংসের টিম ম্যানেজম্যান্ট। এর ঠিক উল্টো চিত্র সিলেট রয়েলসের। গত বিপিএলে যারা টানা সাত ম্যাচ হারার পর প্রথম জয়ের দেখা পেয়েছিল। এবার তারা টানা জয়ের মধ্যে। আজ সিলেটকে আরো একটি কঠিন পরীক্ষা পার করতে হবে। খেলতে হবে ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে। প্রথম দেখায় ঢাকা শোচনীয়ভাবে হেরেছিল সিলেটের কাছে। আজ তাদের প্রতিশোধের পালা। সংক্ষিপ্ত স্কোর: চিটাগাং কিংস- ২০ ওভারে ১৭২/৬ (নাঈম ৭২, বোপারা ৩৪, ডোয়েসকেট ২১, ওরাম অপ: ১৩, গাজী ২/২১, শুভ ২/৩৫)। সিলেট রয়েলস- ১৯.৩ ওভারে ১৭৬/৭ (নবি ৪৩, ষ্টারলিং ৩৮, মিলন ৩২, চিগুম্বুরা ৩১, কুপার ৩/২১)। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ নবি (সিলেট রয়েলস)। ফল: সিলেট রয়েলস জয়ী ৭ উইকেটে।