হার্ট অ্যাটাক শীতে বেশি হয় কি!

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:০৬
হার্ট অ্যাটাক! ছোট্ট দু’টি শব্দ। কিন্তু এই দুটি শব্দ অনেক সময় মহাবিপদ ডেকে আনে। তাই সবাই চান হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে। এই হার্ট অ্যাটাক নিয়ে সম্প্রতি একটি উদ্বেগজনক খবর প্রকাশিত হয়েছে নিউইয়র্ক টাইমসে। গবেষণা রিপোর্টটিতে বলা হয়েছে, অন্যান্য সময় অর্থাত্ সামারের চেয়ে উইন্টার বা শীতে হার্ট অ্যাটাক বেশি হয় শতকরা ৫৩ ভাগ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেজিস্ট্রিতে এ তথ্য রয়েছে। আর ধারণা করা হয়ে থাকে শীতের প্রকোপই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। শীতার্ত আবহাওয়ার কারণে হার্টের রক্তনালী সংকুচিত হওয়া, উচ্চ রক্তচাপ, হার্টের ওপর চাপ, শারীরিক কসরত বা ব্যায়াম কম করা এবং রক্তনালীর জমে থাকা চর্বি ফেটে গিয়ে হার্ট অ্যাটাক হয় বলে বিশেষজ্ঞদের অভিমত। তবে আমেরিকান হার্ট এসোসিয়েশনের সম্মেলনে এক গবেষণা নিবন্ধে উল্লেখ করা হয়, শুধু শীতে নয় সামার এবং উইন্টারের মধ্যবর্তী সময়ও স্বাভাবিকের চেয়ে ৩৬ ভাগ হার্ট অ্যাটাক বাড়ে। ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর ক্লিনিক্যাল কার্ডিওভাসকুলার ফেলো ড. ব্রায়ান সুয়র্টজ শীতে হার্ট অ্যাটাক বৃদ্ধির জন্য ইনফ্লুয়েঞ্জাসহ অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণ, পুষ্টিকর খাবার কম খাওয়া এবং শরীর চর্চা কম করাকে দায়ী করেছেন।