তাজরীন ও স্মার্ট মালিকদের গ্রেফতারে আল্টিমেটাম

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:০৭
আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাজরীন ও স্মার্ট গার্মেন্টসের মালিকদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে পোশাক শ্রমিকদের বিভিন্ন সংগঠন। এ সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে হরতালের মত কর্মসূচিও দেয়ার হুমকি দিয়েছেন তারা। এছাড়া কারখানা দুটিতে হতাহত শ্রমিকদের অন্তত ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান, শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো, দ্রুততম সময়ে ক্ষতিপূরণ আদায়, আহত-নিহতদের সঠিক তালিকা করা, কাজ চলা অবস্থায় কারখানায় তালা না ঝোলানো এবং রেশন ব্যবস্থা চালু করার দাবিও জানানো হয়। সোমবার রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে অবস্থান ও ঘেরাও কর্মসূচি পালনকালে তারা এ দাবি জানান। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ বাম রাজনৈতিক দল ও সাংস্কৃতিক কর্মীরাও কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন তেল-গ্যাস, বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অধ্যাপক আনু মুহাম্মদ, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহমুদুর রহমান ইসমাইল, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন প্রমুখ।