বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে দুই রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল সফরকারী শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা পাঁচ উইকেটে জয় পায়।
টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। মাত্র ৩৯ রানে তিন উইকেটের পতন ঘটলে সেখান থেকে দলকে টেনে তোলেন দলের অভিজ্ঞতম ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। জীবন মেন্ডিসকে নিয়ে ৬৩ রানের জুটি গড়ার পরে মেন্ডিস বিদায় নিলে থিসারা পেরেরা তার সঙ্গে যোগ দেন। ৫টি চার আর ২টি ছয়ে ৪৫ বলে ৬১ রানে অপরাজিত থাকেন জয়াবর্ধনে। আর পেরেরা মাত্র ১৫ বলে যোগ করেন ৩৫ রান। ২০ ওভার শেষে দলের রান দাঁড়ায় ১৬১।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পরা অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান অধিনায়ক বেইলি এবং শন মার্শ। ৮৬ রানের জুটির পরে ব্যক্তিগত ৪৫ রানে বিদায় নেন বেইলি। দশম ওভার শেষে যখন প্রথম বারের মতো ম্যাচে বৃষ্টি হানা দেয় ডাক-ওয়ার্থ লুইস মেথড অনুসারে অসিরা তখন ১৫ রানে পিছিয়ে। পরে আবার খেলা শুরু হলে তাদের নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫ ওভারে ১২২। পেরেরা যখন ১৫ তম ওভারের শেষ বলটি করতে দৌড় শুরু করেন অস্ট্রেলিয়ার তখন দরকার ৪ রান। ব্যাটসম্যান ম্যাক্সওয়েল শুধুমাত্র এক বাই রান নিতে সমর্থ হলে অসিদের স্কোর দাঁড়ায় ১১৯। ফলে দুই রানে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ম্যাচ সেরার পুরস্কার পান থিসারা পেরেরা।
