লোহাগড়ায় বাধার মুখে ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ পণ্ড

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৫
লোহাগড়ায় উপজেলা চেয়ারম্যানের বাধার মুখে লাহুড়িয়ায় ইসলামী ব্যাংক কর্তৃক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া বাজারে এইচ এ কে একাডেমীর হলরুমে গত রবিবার ইসলামী ব্যাংক নড়াইল শাখার উদ্যোগে ২ শতাধিক দরিদ্র নারী-পুরুষ ও শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আঃ হান্নান রুনু ও আওয়ামী লীগ নেতা দাউদ হোসেন তাদের লোকজন নিয়ে জামায়াত-শিবিরের অনুষ্ঠান বলে শীতবস্ত্র বিতরণ করতে বাধা দেয়। এসময় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ না করে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার রকিবুল বারী, নড়াইল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মুস্তফা মেহেদী হুসাইন চৌধুরী ফিরে আসেন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আঃ হান্নান রুনু শিকদার বলেন,শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজকরা জামায়াত-শিবিরের কর্মী,তাই ঐ অনুষ্ঠান বাতিল করে দিয়েছি।