উদ্যোগ

গলি চেনাবে রাজপথ...

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ১৭:৪১
আমরা এসেছি প্রাণের শহরের তাগিদে। যে পিঠে স্কুল ব্যাগ ঝুলিয়ে হেঁটে গিয়েছি স্মৃতির শহরের পথ ধরে, আজ সে পিঠেই তুলে নিয়েছি ময়লার ঝোলা... প্রাণের শহরের পরিচ্ছন্নতার মিছিলে। আমরা ছুটেছি সেই স্বপ্নের খোঁজে, যা ভাবতে শেখাবে আমাদের শহরকে নিয়ে। আমাদের দায়িত্ববোধ আর সচেতনতা পৌঁছে দেবে রূপকথার শহরের খুব কাছাকাছি, যেই শহরের নাম দিয়েছি আমরা ‘স্বপ্নের ভেড়ামারা’। বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠেছে গ্রুপটি। ‘দেশ আমাদের মা, তবে শহর আমাদের মায়ের হূদয় ছাড়া আর কি?’ এই স্লোগান নিয়ে শুরু হয় ভেড়ামারা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। প্রাণের শহরের এই পরিচ্ছন্নতা অভিযান প্রথম শুরু হয় স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের একটি গ্রুপের মাধ্যমে। ফেইসবুকের ‘ভেড়ামারা’ শিরোনামের এই গ্রুপটি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহত্ উপজেলা কমিউনিটি। ক্রমবর্ধমান গ্রুপটিকে এই গ্রুপের একঝাঁক তরুণ-তরুণী একটি পরিবার বলে মনে করে। আর এই পরিবারের উদ্যোগে প্রাণের শহরের সৌন্দর্য বর্ধনে এবং স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গ্রহণ করা হয় পরিচ্ছন্নতা অভিযান। এই পরিবার মনেপ্রাণে বিশ্বাস করে সকলের সহযোগিতা ও সচেতনতা আগামীতে জন্ম দেবে ঠিক রূপকথার মত এক সুন্দর শহরের, যার নাম ‘স্বপ্নের ভেড়ামারা’। ‘প্রাণের শহরের পরিচ্ছন্নতা’ শিরোনামে প্রথম পর্যায়ে বিগত ২৮ অক্টোবর ২০১২-এ ভেড়ামারা শহরের একশ জন তরুণ-তরুণী প্রতীকী ময়লা আবর্জনা পরিষ্কার করে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সফল অভিযান চালায়। সকল শ্রেণির মানুষের মাঝে এই অভিযানের গ্রহণযোগ্যতায় অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে দীর্ঘমেয়াদী কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয় এবং অভিযানকে আন্দোলনে রূপ দিয়ে বৃহত্ পরিসরে দ্বিতীয় পর্যায়ের লক্ষ্য স্থির করা হয়। প্রজন্ম থেকে প্রজন্মে সবার মাঝে আন্দোলন ছড়িয়ে দিতে বেছে নেয়া হয় বিজয়েরর দিন ১৬ ডিসেম্বর ২০১২-কে। বিজয়ের এই দিনে লাল-সবুজ টিশার্ট পরে দুইশ জন তরুণ-তরুণী রূপকথার শহর তৈরির শপথ নিয়ে নেমে আসে রাস্তায়, শুরু করে রাস্তা ঝাড়ু দেয়া ও উচ্ছিষ্ট ময়লা আবর্জনা নির্মূলের উত্সব। আবার ফেসবুক থেকে রাস্তায় নামবো প্রাণের শহরের জন্য, আবার অনেক কিছু হবে! হ্যাঁ আমরা আবার শুরু করছি মহান দিনে মহান ব্রত নিয়ে... আমরা করবো জয়ের প্রত্যয়ে! মহান বিজয় দিবস অমর হোক বললেই বিজয় দিবস অমর হয়ে যায় না। কাজের মাধ্যমে অমর করতে হয়। মহান বিজয় দিবস সফল হোক বলে সেমিনার, মিছিল, মিটিং করলেই সফল হয় না। সফল করতে হয়। আসুন এই বিজয় দিবসে, বিজয়কে সফল করি পরিচ্ছন্নতার মিছিলে যোগ দিয়ে। অমর করি আমাদের বিজয়কে। আমরা করবো জয়... মহান বিজয় দিবস, আমাদের সাথে আছে লাল টকটকে অনুপ্রেরণা, আর ভেড়ামারাবাসীর প্রত্যাশা! ভয় কি? আমরা চাই ভেড়ামারাতে নতুন আশার সূচনা হোক, প্রাণের শহরের পরিচ্ছন্নতায় আবার একসাথে... ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে, শহর থেকে শহরে... বুকে প্রত্যয়... প্রথমবারের কিছু অনুভূতি আমাদের সাহস যোগালো... আগুন উস্কে না দিলে দাবানল হয় না। আমরা আগুনটাকে দাবানল বানাবো। শহরের প্রতি ভালোবাসার আগুনটা আমরা আবার উস্কে দিলাম... টিএনও স্যার ঝাটা ধরলেন, পৌর মেয়র দ্বিধা করলেন না, হেডস্যার বরাবরের মতই পিছু ছাড়লেন না! আমাদের মোটিভেশন টিম ভেড়ামারা পুরো ভেড়ামারার বাজার ঘুরে যোগাড় করে আনলো ৫৫০টা মূল্যায়ন ফরম, ৫৫০ জন আশা দিলো... এগিয়ে যাও বাছারা, সাথেই আছি... সাথেই আছি! আমরা স্বপ্ন দেখি... আমাদের পরিশ্রম আমাদের সচেতনতা, আমাদের দায়িত্ববোধ একদিন আমাদেরকে পৌঁছে দেবে স্বপ্নের সেই শহরের খুব কাছাকাছি। সে শহর একদিন সুবাতাস ছড়াবে, প্রজন্ম পৌঁছে দেবে প্রজন্মে, শহর থেকে শহরে.... জানি, চিঠি একদিন পৌঁছবেই। আমাদের এই ছোট্ট উদ্যোগ একদিন গলি হয়ে রাজপথ চেনাবে...।