মৌসুমী ও শাবনূরের সঙ্গে আলাদা আলাদাভাবে ছবি করলেও এই দুই জনের সঙ্গে ফেরদৌস জুটিবদ্ধ হয়ে মাত্র দুই বার পর্দায় উপস্থিত হয়েছিলেন। ২০০৬ সালে মুক্তি পাওয়া আবুল কালাম আজাদের ‘বেয়াইন সাব’ ও ২০১০ সালে মুক্তি পাওয়া আমজাদ হোসেনের ‘গোলাপী এখন বিলেতে’ ছবি দুটি বেশ সফলতাও পায়। এবার তৃতীয়বারের মতো মৌসুমী ও শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছেন ফেরদৌস। গত সপ্তাহে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে এই দুই অভিনেত্রীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে এফডিসিতে। এরই মধ্যে সুদীপ কুমার দীপের কথায় ছবির সমস্ত গান রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তা ছাড়া শিল্পী ও কলাকুশলী নির্বাচনসহ সমস্ত প্রিপ্রোডাকশনের কাজও শেষ করেছেন পরিচালক। আর তাই দর্শক আবার এই তিন জনপ্রিয় তারকাকে একসঙ্গে পেতে যাচ্ছেন খুব শিগগির। ফেরদৌস বলেন, ‘অনেক দিন পরে একটি তারকা সমৃদ্ধ ছবিতে অভিনয় করতে যাচ্ছি। আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এ বছরেই যেন ছবিটির মুক্তি দেওয়া যায় সেভাবেই কাজ করা হচ্ছে।’
