আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে ৩ মিনিটের ১ বিরতির নাটক ‘হারুন বনাম ব্যস্ত শহর’। নাটকটিতে অভিনয় করেছেন—চঞ্চল চৌধুরী, মুক্তি, মাহমুদুল ইসলাম, মিঠু, লিনা আহমেদ প্রমুখ।
নাটকের কাহিনী—হারুন ড্রাইভার। শুধু ড্রাইভার না, ব্রিটিশ আমলের ড্রাইভার। হ্যাঁ, কেউ তাকে তার ড্রাইভিং অভিজ্ঞতা সম্পর্কে একবার জিজ্ঞেস করলেই হলো। সাথে সাথে তার ওই এক ডায়লগ ব্রিটিশ আমলের ড্রাইভার । সে রহমান সাহেবের গাড়ি চালায়। রহমান সাহেবের ছেলে গাড়িতে চড়লেই সে তাকে ওজন কমানো বিষয়ক পরামর্শ এবং রকমারি ব্যায়ামের টিপ্স দেয়। রহমান সাহেবের মেয়ে গাড়িতে চড়লেই হারুন তার পোশাক নিয়ে কথা তোলে এবং পর্দাসংক্রান্ত ধর্মীয় বাণী শোনায়। শুধু রহমান সাহেবের মেয়ে না, হারুনের জন্য রহমান সাহেবের মেয়ের বয়ফ্রেন্ডের জীবনও অতিষ্ঠ হয়ে উঠল। হারুনের জ্বালায় তার গার্লফ্রেন্ডের সাথে ডেটিং মারার বাজল বারোটা। হারুন তাকে মেয়ের ত্রিসীমানায় ঘেঁষতে দেয় না। এভাবেই এগিয়ে যায় কাহিনী।
