গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে বন্যায় কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া নিউ সাউথ ওয়েলসে নদীর পানি বৃদ্ধি পেয়ে সেখানেও বন্যার আশংকা দেখা দিয়েছে। উদ্ধারকর্মীরা এলাকাগুলো থেকে অধিবাসীদের নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত চারজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কুইন্সল্যান্ডে বার্নেট নদীর পানি বাঁধ উপচিয়ে প্রবাহিত হলে দুই হাজার বাড়ি-ঘর প্লাবিত হয়। এতে বান্দাবার্গ শহরের প্রায় সাত হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। সেখানে প্রায় দেড় হাজার মানুষ স্থানান্তর কেন্দ্রে আশ্রয় নিয়েছে। হাজারখানেক মানুষ এখনও নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় রয়েছে। এদিকে, নিউ সাউথ ওয়েলসে ক্লারেন্স নদীর পানি রেকর্ড উচ্চতায় প্রবাহিত হওয়া শুরু হলে সেখানেও বন্যার আশংকা দেখা দিয়েছে। প্রায় আড়াই হাজার মানুষকে স্থানান্তর কেন্দ্রে নেয়ার কথা বলা হয়েছে।
জানা গেছে, গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ে নদীর পানি বৃদ্ধি পেয়ে এসব বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত সোমবার ব্রিজবেনে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। গত দুই বছরের মধ্যে রাজধানী ব্রিজবেনসহ কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকবার বন্যা হয়েছে। এতে ৩৫ জন নিহত এবং ১০ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
