অবশেষে থামল সিলেট রয়েলসের জয়রথ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পাঁচ ম্যাচ জেতার পর কাল পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে তারা। আর তাদের এই দুর্বার গতি থামিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। ঢাকার জন্য এই জয় শুধু জয় নয়, এটি প্রতিশোধও বটে। প্রথম দেখায় সিলেটের কাছে হারের ক্ষত কাল তারা ৩১ রানের জয় দিয়ে শুকিয়েছে। ঢাকার স্বস্তি পাওয়ার জয় বটে। কিন্তু দলীয় পারফর্মেন্সে তা মোটেও আনন্দদায়ক ছিল না। ঠিক যেমন সিলেটের। তিনটি রানআউট ও একটি স্ট্যাম্পিং- সিলেটের হারের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকার ১৫৮ রানের জবাবে অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকেই শুধু এসেছে দায়িত্বশীল ইনিংস (৪১)। অথচ টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান তাড়া করে জেতার দারুণ সুযোগও ছিল সিলেটের সামনে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নাজমুল হাসানের প্রথম বলে মিড অনে জোস কোবের ক্যাচ ছেড়েছেন সোহাগ গাজী। কোবের ব্যক্তিগত ৯ রানের মাথায় উইকেট কিপার মুশফিকও একটি ক্যাচ ছেড়েছেন। এসব ছোট খাটো ভুলগুলো দিনশেষে বড় হয়ে দেখা দিচ্ছে। ফিল্ডিংয়ের ব্যর্থতার পর ব্যাটিংয়েও সিলেট আশা জাগাতে পারেনি অতীতের ম্যাচগুলোর মত। ১৯ রানে চার উইকেট, ১০০ রানের ভিতরে ৭ উইকেট পড়ে যায় সিলেটের। দ্রুত উইকেট পড়ে যাওয়ায় রানরেটও বেড়ে গিয়ে চাপে পড়ে যায় মুশফিকরা। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৬৮ রান। কিন্তু সাকলাইন সজিবের এক ওভারে দুই সেট ব্যাটসম্যান এল্টন চিগুম্বুরা (২৫) ও মুশফিক (৪১) বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এই দলটি। এরা ড্রেসিংরুমে ফেরায় উইকেটে থাকা সোহরাওয়ার্দী শুভ ও সুলেমান বেনের পক্ষে সম্ভব হয়নি ম্যাচটি কাছে নিয়ে আসতে। ১২৭ রানে থেমে যেতে হয় তাদের।
ম্যাচ শেষে সিলেটের ব্যাটসম্যানরা যেমন কাঠগোড়ায়, তেমনি ঢাকার ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতে থাকা মোহাম্মদ আশরাফুল (১৪) ও কোব (২৯) ফিরে যাওয়া এবং ২২ রান করা ওয়াইজ শাহ’র বিদায় ঢাকাকে ভালোই ধাক্কা দিয়েছিল। কিন্তু দলকে মেরামত করেছেন ম্যাচ সেরা ড্যারেন ষ্টিভেন ও এনামুল হক বিজয়। এই দুইজন দলকে এনে দেন ৫২ রান। মাত্র ১৮ বলে ৩২ রান করা এনামুলের বিশাল তিনটি ছক্কা রয়েছে। ষ্টিভেন ফিফটি পেয়েছেন ৩৩ বলে, ইনিংস শেষ করেছেন দুই ছয় ও পাঁচ চার দিয়ে। এদের স্কোর যোগফলে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান।
এই জয়ে ঢাকা পাঁচ খেলায় চার জয় নিয়ে এখনো পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর সিলেট ছয় ম্যাচে প্রথম পরাজয়, সংগ্রহ ১০। ১ ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম পর্বে শেষ ম্যাচ খেলবে দুরন্ত রাজশাহীর বিপক্ষে। সিলেট অবশ্য কাল মাঠে নামবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা গ্ল্যাডিয়েটরস- ২০ ওভারে ১৫৮/৫ (ষ্টিভেন অপ: ৫৫, কোব ২৯, এনামুল ৩২, ওয়াইজ ২২, আশরাফুল ১৪, মোমিনুল ১/১৯)।
সিলেট রয়েলস- ২০ ওভারে ১২৭/৮ (মুশফিকুর ৪১, চিগুম্বুরা ২৫, মিলন ১১, বেন অপ: ১৫, থোমাস ২/১২, সাকলাইন ২/৩৩, মাশরাফি ১/১৪)।
ম্যান অব দ্য ম্যাচ: ড্যারেন ষ্টিভেন (ঢাকা)।
ফল: ঢাকা গ্ল্যাডিয়েটরস জয়ী ৩১ রানে।
