চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা বছরের প্রথম এল ক্লাসিকোতে আজ বুধবার মাঠে নামছে। কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ফুটবল দুনিয়ার সেরা ম্যাচগুলোর একটি, এই এল ক্লাসিকোর অন্যতম আকর্ষণ হবে দলগত প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই। আপাত দৃষ্টিতে কাগজে-কলমের হিসেবে ইনজুরি ও বিতর্কহীন বার্সেলোনাই আছে এগিয়ে।
প্রতিদ্বন্দ্বিতা কোন মাপে হতে পারে তার আভাস দিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার সার্জিও বাসকোয়েট। প্রতিপক্ষের মাঠে খেলা জেনেও তিনি বলেছেন, ‘কেবল জয়ই হতে পারে ভাল ফল, ড্র নয়। এটা হবে কঠিন প্রতিদ্বন্দ্বিতার খেলা এবং আমি মনে করি না কোন দলের খারাপ খেলা মানেই সবকিছুর শেষ নয়। কারণ এরপরও দ্বিতীয় লেগ থাকছে।’
রিয়াল কোচ হোসে মরিনহো অবশ্য আরেকটি এল ক্লাসিকোর আগে খুব একটা স্বস্তিতে নেই। কেননা বেশ কিছুুদিন ধরেই সংবাদ মাধ্যমগুলো সরগরম মরিনহোর সঙ্গে দলের কয়েকজন খেলোয়াড়ের বিরোধের খবর নিয়ে। এসব ঘটনার পাশাপাশি মরিনহোকে চাপে ফেলেছে দলের মূল খেলোয়াড়দের চোট এবং নিষেধাজ্ঞার সমস্যা। রেফারির সাথে খারাপ ব্যবহারের কারণে ডিফেন্ডার সার্জিও রামোসের চার ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হলেও আজ তিনি মাঠে নামতে পারবেন না ওই খেলাটিতে পাওয়া লাল কার্ডের জন্য। এই লাল কার্ডটি পেয়েই তিনি রেফারিকে বিষোদগার করেছিলেন। মরিনহোর জন্য আরো সমস্যা হলো অ্যাঞ্জেল ডি মারিয়া এবং ফ্যাবিও কোয়েন্ত্রোকেও খেলাতে না পারা। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দুজনের লাল কার্ড পাওয়াই এর কারণ। গোড়ালির অস্ত্রোপচারের পর এখনো পুরোপুরি সেরে ওঠেননি দলের আরেক ডিফেন্ডার পেপে। এছাড়া দলের নিয়মিত অধিনায়ক এবং গোলরক্ষক ইকার ক্যাসিয়াস বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ভেঙ্গে ছয় সপ্তাহের জন্য চলে গেছেন মাঠের বাইরে।
এতকিছুর মধ্যেও মরিনহোকে আশাবাদী করে তুলতে পারে গত কয়েক ম্যাচে দলের পারফরমেন্স। লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে গেটাফেকে তারা উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। হ্যাট্রিক করেছেন দলের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। এল ক্লাসিকোতে রেকর্ড টানা ছয় ম্যাচে গোল করা এই পর্তুগিজের সামনে নজিরটিকে আরও সামনে টেনে নেয়ার সুযোগ আছে। রিয়ালকে এই ম্যাচে আরও বেশি আগ্রাসী করে তুলতে পারে লিগে তাদের বর্তমান অবস্থানও। কারণ বার্সার চেয়ে এখনো ১৫ পয়েন্ট পেছনে থাকা রিয়ালের লা লিগা শিরোপা জয়ের আশা কার্যত শেষ। সেজন্যই বার্সেলোনাকে কোপা ডেল রে’র শিরোপা থেকে বঞ্চিত করতে চাইবে তারা।
বার্সেলোনার অবস্থা ঠিক রিয়ালের বিপরীত। রিয়ালের মত বার্সাও আছে দারুণ ফর্মে। অপ্রতিরোধ্য লিওনেল মেসি গোলের পর গোল করে চলেছেন। রোনালদোর সাথে পাল্লা দিয়ে বার্সার সর্বশেষ ম্যাচে হ্যাট্রিক করেছেন এই আর্জেন্টাইনও। ক্রমেই তিনি চলে যাচ্ছেন সবার ধরা-ছোঁয়ার বাইরে। অপরদিকে কাতালান দলটিতে ইনজুরি সমস্যা নেই বললেই চলে। ক্যান্সারের চিকিত্সা এখনো অব্যাহত থাকায় কোচ টিটো ভিলানোভা এই ম্যাচেও বার্সেলোনার দায়িত্বে থাকছেন না। তার অনুপস্থিতিতে সহকারী কোচ জর্ডি রৌরা দায়িত্ব পালন করবেন।
বার্সেলোনার হয়ে এল ক্লাসিকোয় এরিক আবিদালকেই শুধু দেখা যাবে না। গত বছর লিভার প্রতিস্থাপনের পর আবিদাল আবার খেলায় ফেরার জন্য ডাক্তারদের অনুমতি পেয়েছেন। এমনকি অনুশীলনেও ফিরেছেন তিনি। কিন্তু খেলার উপযোগী হয়ে উঠতে পারেননি।
ফুটবল বিশেষজ্ঞদের অনেকে যদিও বলছেন, ‘বিভিন্ন টুর্নামেন্টে দুই দল বারবার মুখোমুখি হয়ে এখন এল ক্লাসিকোর আমেজ অনেকটাই হারিয়ে যাচ্ছে। মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা অবশ্য মনে করেন ক্লাসিকোই হলো বিশ্বের সেরা ম্যাচ। ক্লাবের ওয়েবসাইটে স্ট্রাইকারটি আসন্ন লড়াইয়ে ভাল খেলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি মনে করি এটাই হলো দুনিয়ার সেরা ম্যাচ। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ অসাধারণ মাপের দুটি দল। এটা একটা কঠিন ম্যাচও।’
