আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবা ইস্তানবুলের ক্লাব গ্যালাতেসারের হয়ে খেলবেন ব্যাপারটি এখন নিশ্চিত। ইন্টারমিলান থেকে নেদারল্যান্ডসের ওয়েসলি শ্নেইডারও এসেছেন এই ক্লাবে। দুজনই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পেয়েছেন। দ্রগবা গত মৌসুমে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন। অন্যদিকে শ্নেইডার ২০১০ সালে জিতে নেন ইন্টারের হয়ে। গ্যালাতেসারে এই অভিজ্ঞ দুই খেলোয়াড় নিয়ে এগিয়ে যেতে চায়।
দ্রগবা চেলসি ছাড়ার পর চীনের সাংহাই সিনহুয়াতে খেলেছেন কিছুদিন। সিনহুয়াতে দ্রগবা ১১ ম্যাচে আট গোল করেন ২০১২-১৩ মৌসুমে। চলতি মৌসুমের মধ্য পর্যায় থেকে দ্রগবা ১৮ মাসের জন্য তুরস্কের দল গ্যালাতেসারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনহুয়া ও গ্যালাতেসারে একমত হয়েছে এই চুক্তিতে। আইভরি কোস্টের অধিনায়ক দ্রগবা টুইটারে লিখেছেন, ‘এমন সেরা ক্লাবে খেলার সুযোগ পাওয়া একটি সুযোগ। আমি এটা এড়িয়ে যেতে পারি না। আমি চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপের সেরা ক্লাবের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি।’ গ্যালাতেসারের ট্রান্সফার ফি লেগেছে ছয় মিলিয়ন ইউরো এবং প্রতি ম্যাচে দ্রগবাকে দিতে হবে ১৫ হাজার ইউরো। এর সাথে স্বাক্ষরের চুক্তি হয়েছে চার মিলিয়ন ইউরোর।
বর্তমানে ৩৪ বছর বয়সী দ্রগবা দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। আফ্রিকান নেশন্স কাপে তিনি আইভরি কোস্টের সাথে রয়েছেন। আইভরি কোস্ট টুর্নামেন্টে শেষ আট নিশ্চিত করেছে। মৌসুমের মধ্যবর্তী সময় জানুয়ারিতে দল বদলের সুযোগ কাজে লাগালেন দ্রগবা।
গ্যালাতেসারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছে গেছে। আগামী মাসে শেষ ষোলোর খেলা শুরু হবে। গ্যালাতেসারের প্রতিপক্ষ জার্মানীর শক্তিশালী দল শালকে।
