ব্রাদার্সের কাছে নাস্তানাবুদ মোহামেডান

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:০৬
এই স্কোর লাইন দেখে চমকে যাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান ১-৪ গোলে হেরেছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের সন্ধ্যাটা ছিল বিভীষিকাময়। রেলিগেশন ঠেকানোর অভিযানে নেমে ব্রাদার্স রীতিমত নাস্তানাবুদ করলো তাদের। এ যেন গোপালগঞ্জের মাঠে প্রথম পর্বে মুক্তিযোদ্ধার কাছে একই ব্যবধানে হারের পুনরাবৃত্তি মোহামেডানের জন্য। অথচ লিগের প্রথম পর্বে মরিসনের হ্যাটট্রিকে মোহামেডান ৩-০ গোলে হারিয়েছিল ব্রাদার্সকে। এটিই এখন পর্যন্ত লিগের একমাত্র হ্যাটট্রিক। কালকের জয়ে ব্রাদার্স রেলিগেশনের আশংকা থেকে কিছুটা নিরাপদ অবস্থানের দিকে এগিয়ে গেল। কেননা নয় খেলায় ব্রাদার্স দুই জয় ও এক ড্র মিলিয়ে সাত পয়েন্ট যোগাড় করলো। অপরদিকে মোহামেডানের অর্জন আগের ১৩ পয়েন্টই। ব্রাদার্সের বিরুদ্ধে মাঠে নামার আগের দুইদিন মোহামেডান অনুশীলন করেনি। পুরোন বিদেশি ফুটবলারদের বাদ দিয়ে নতুন করে তিন নাইজেরিয়ান নিয়ে দল গড়লেও অনুশীলন মাঠে বোঝাপড়া গড়ার সময়ও পায়নি তারা। বকেয়া বেতন আদায়ের দাবিতে খেলোয়াড়রা বিদ্রোহ করে অনুশীলনও করেনি। এই অবস্থায় অপ্রস্তুত দল মাঠে নামিয়েছিলেন অসুস্থতা কাটিয়ে ফেরা মোহামেডান কোচ সাইফুল বারী টিটু। খেলার ৬ মিনিটে মরিসনের গোলে মোহামেডান এগিয়ে ছিল। ব্রাদার্সের ডিফেন্ডাররা অফসাইড ট্র্যাপ করতে গিয়ে গোলটি হজম করেন। এই গোলে তেড়ে-ফুড়ে উঠার পরিবর্তে উল্টো ব্রাদার্সের চাপের মুখে পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় মোহামেডান। ৩৭ মিনিটে নাইজেরিয়ান কিংসলে চিগোজি (১-১) এবং প্রথমার্ধের ইনজুরি টাইমে স্যামসন ইলিয়াসু গোল করে এগিয়ে দেন (২-১) গোপীবাগের দলটিকে। এরপরও মোহামেডানের রজনী, মিন্টু শেখ, মেজবাউল মানিক, সোহেল রানা কিংবা বিদেশি ফুটলারদের লড়াকু হতে দেখা গেল না। খেলোয়াড়রা যেন গা লাগিয়ে খেলার প্রয়োজন মনে করেননি। বল ধরতে গিয়ে দৌড়ে পেরে উঠছিলেন না। মোহামেডানের খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল সমর্থকদের জন্য হতাশা বয়ে আনা। মোহামেডান বিরতির পর আরো দমে গেল। ব্রাদার্সের ব্রাজিলীয়ান স্ট্রাইকার গ্রেসিয়া এন্ডারসন এবং আরেক নাইজেরিয়ান কিংসলে চিগোজি জ্বলে উঠলেন মোহামেডানের রক্ষণভাগে। তাদের সাথে যোগ দিয়ে নাইজেরিয়ান স্যামসন ইলিয়াসু এবং স্বদেশি জাঙ্কাসা মিলে মোহামেডানকে দাঁড়াতেই দিলেন না। লণ্ডভণ্ড করে দিলেন মোহামেডানের রক্ষণভাগকে। ৫৭ মিনিটে কিংসলের পাস থেকে জাঙ্কাসা ভলি শটে দারুণ গোল করে ব্যবধান করেন ৩-১। এর ১০ মিনিটের মধ্যে ব্রাজিলীয়ান স্ট্রাইকার এন্ডারসনের ক্রস থেকে এবার হেড করে নিজের দ্বিতীয় গোল করলেন কিংসলে চিগোজি (৪-১)। কোচ টিটু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি দলের ‘কম্বিনেশন’ ঠিক করা ও ট্যাকনিক্যাল দিকগুলো নিয়ে কাজ করার সুযোগ পাননি। কারণ বেতন নিয়ে খেলোয়াড়দের আন্দোলনের কারণে দুই দিন তারা অনুশীলন করেনি। ম্যাচে এর প্রভাব পড়তেই পারে। ম্যাচ হেরে সব দোষ নিজের ঘাড়ে তুলে নিয়েছেন মোহামেডান কোচ। আর ভালো খেলার জন্য প্রশংসা করেছেন ব্রাদার্স ফুটবলারদের। ব্রাদার্সের নাইজেরিয়ান কোচ লাডিবাবা লোলা বলেছেন, তিনি নাকি আগেই জানতেন মোহামেডানকে হারানোর কথা। আজকের খেলা মুক্তিযোদ্ধা ঃ আরামবাগ (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৪টা ৩০)