সাতক্ষীরার মাদরা সীমান্তের বিপরীতে ভারতের তারকান্দা বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে সোমবার গভীর রাতে এক ভারতীয় রাখাল নিহত ও দুজন আহত হয়েছে। এলাকাবাসী জানায়, নিহত ভারতীয় রাখালের নাম মহিন উদ্দীন। সে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার তারকান্দা গ্রামের আাাব্দুল হান্নানের ছেলে। এসময় দৌড়ে ৩ ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করায় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃতরা হল তারকান্দা এলাকার তমিজ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), মেহেরআলী গাজীর ছেলে আবু বক্কর (২০) এবং হরিচন্দ্রপুর মালদা এলাকার সামায়ন এর ছেলে সাকা উদ্দীন (২৪)।
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আবু বাছির জানান, সোমবার গভীর রাতে বিএসএফ সদস্যরা সেদেশের একদল গরু রাখালের ওপর গুলি চালায়। এসময় কয়েকজন রাখাল দৌড়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তিনজনকে আটক করে।
