সদরপুরে নাব্যতা সংকটে আড়িয়ালখাঁ, নৌচলাচল বন্ধ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৩
ফরিদপুরের সদরপুরে পদ্মার অন্যতম শাখা নদী প্রমত্তা আড়িয়াল খাঁ নদের উত্সমুখে নাব্যতা হারিয়ে নৌচলাচল বন্ধ হয়ে গেছে। বর্ষাকালের খরস্রোতা আড়িয়াল খাঁর বুকে বর্তমানে ধুধু বালুচর। আঁকা-বাঁকা সামান্য এক হাঁটু পানি থাকলেও বন্ধ হয়ে গেছে নৌচলাচল। বন্ধের পথে কৃষি সেচ ব্যবস্থা। ফলে রাজধানীর সাথে প্রায় ৪০টি হাট-বাজার ও নদী বন্দরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নদীটির উত্সমুখের সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের পদ্মা নদী থেকে চন্দ্রপাড়া ঘাট পর্যন্ত প্রায় ৫ কিঃ মিঃ এলাকায় জরুরি ভিত্তিতে খননের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার জনগণ। জানা গেছে, হাজার বছরের ঐতিহ্যবাহী আড়িয়াল খাঁ নদ দেশের একটি গুরুত্বপূর্ণ নৌরুট। গত ২০০১ সাল পর্যন্ত প্রতিদিন ৩-৪টি পরিবহন লঞ্চ সার্ভিস ছিল। নদটি খননের অভাবে গত বছর থেকে ট্রলার ও বিভিন্ন নৌচলাচল বন্ধ হয়ে গেছে। ফলে প্রতিদিন হাজার হাজার জনগণ যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।