একাকী রোদ্দুর
সঙ্গীতা বাজারে নিয়ে এসেছে নবাগত শিল্পী রাকিবের একক অ্যালবাম ‘একাকী রোদ্দুর’। মোট ৮টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে—‘মেঘের জলে মেঘ ভিজে’, ‘বসন্ত চলে যায়’, ‘কেন দুঃখ পাঠাও’, ‘তুমিহীনা’, ‘বাহিরে নয়’, ‘সূর্যটা উঠে না পূর্বে’, ‘তোমাকেই মন দেওয়া যায়’, ‘একমুঠো সুখ’। গানগুলো লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, এসটিএইচ মারফিয়া। কম্পোজিশন করেছেন রাজিব এবং মণি। শিল্পীর সাথে সহযোগীকণ্ঠ দিয়েছেন মৃদুলা, সাধনা, সারা। গানের সাথে বাঁশিতে ছিলেন জালাল, ভায়োলিনে ছিলেন সেলিম, গিটারে সোহেল রাজীব, মিক্সিং করেছেন সাজ্জাদ কবির। নবাগত শিল্পী হিসেবে রাকিবের এই অ্যালবামের গানগুলো অনেক সপ্রতিভ।
রাসেলের গান ফ্রি
স্কুলজীবন থেকে গিটার কাঁধে নিয়ে তার বেড়ে উঠা। বাবা-মায়ের ইচ্ছাতেই সংগীত জীবনে পদচারণা শুরু করেন। বর্তমানে তার দীর্ঘ সময়ের প্রচেষ্টার ফসল ‘ছল করিয়া’ শিরোনামে একটি একক অ্যালবাম মুক্তি পেতে যাচ্ছে। অ্যালবাম সম্বন্ধে রাসেল জানান, তার সবকটি গান তিনি ফ্রিতে দিচ্ছেন শ্রোতাদের জন্য। সবকটি গান ফ্রি ডাউনলোড করতে যেতে হবে www.levelzerodb.com ওয়েবসাইটে। এ ওয়েবসাইটটির উদ্যোক্তা প্রমিথিউস ব্যান্ড লিডার অ্যান্ড ভোকাল বিপ্লব বলেন, ‘বর্তমান পাইরেসির বাজার যখন হতাশায় আমি বলব সেখানে আশা আছে। গান হচ্ছে শিল্পীর সম্পদ। আর সেই সম্পদ বাঁচাতে আমাদের এই কর্মসূচি।’ তিনি আরও বলেন, ‘নতুন এবং অভিজ্ঞ সব শিল্পীদের অ্যালবাম রিলিজ করার ব্যাপারে আর কোনো ভোগান্তি নয়। এখন থেকে শিল্পী তার নিজের গান নিজেই রিলিজ দেবে Levelzerodb ওয়েবসাইটে। শুধু সার্বিক তত্ত্বাবধায়নে সব সময় সহযোগিতার হাত বাড়াবে Levelzerodb। এই ওয়েবসাইটে আরও যাদের গান রয়েছে, তারা হলেন—রফিকুল আলম, রাজেশ, মেহেদি, ব্যাসার্ধ ব্যান্ড, ইফতি, বিপ্লব, তিশমাসহ আরও অনেকে। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ‘ছল করিয়া’ গানটি বিশেষভাবে আলোচিত হবে। গানটির কথা ও সুর দিয়েছেন রাসেল নিজেই। সংগীতায়োজন করেছেন প্রমিথিউস (বিপ্লব)।
