দেশের শেয়ারবাজারে টানা ৭ দিন সূচক বাড়ার পর গতকাল মূল্য সংশোধন হয়েছে। সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনও। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে সূচকের ওঠানামা থাকবেই। তবে লেনদেন কম হওয়া ইতিবাচক নয়। আস্থার অভাবেই বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন না বলে তারা মনে করেন। তারা বলছেন, অনেকের বিনিয়োগ আটকে পড়ায় লেনদেন করতে পারছেন না। তাছাড়া আস্থার অভাবে নতুন বিনিয়োগকারীরাও বাজারে আসছেন না। তাই বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে ভূমিকা রাখতে হবে।
তথ্যে দেখা গেছে, গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড সূচক বা ডিএসইএক্স ২৭ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৪ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই ৩০ মূল্য সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ৭ কোটি ৮৪ লাখ ১০ হাজার ৯২৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হয়েছে ২৮৭ কোটি ১৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি ৬৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৭২ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২২৭ টির, কমেছে ৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসইতে প্রধান ১০টি কোমপানি হলো-ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট, বেক্সিমকো, ডেল্টা স্পিনিং, বিএসসিসিএল, এনবিএল, আর এন স্পিনিং, সায়হাম কটন ও গ্রামীণফোন। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো-স্ট্যান্ডার্ড সিরামিকস, এফএএস ফাইন্যান্স, আল-হাজ্ব টেক্সটাইল, ডেল্টা স্পিনিং, ৪র্থ আইসিবি, ইনটেক অনলাইন, তাল্লু স্পিনিং, রেকিট বেঙ্কিজার, অগ্নি সিস্টেম ও জেনারেশন নেক্সট। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো-রহিম টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিকস, সমতা লেদার, মালেক স্পিনিং, ফু-ওয়াং ফুডস, ন্যাশনাল টিউবস, এপেক্স ফুডস, মাইডাস ফাইন্যান্স, বিডি ওয়েল্ডিং ও ইস্টার্ন ইন্সুরেন্স।
এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ৭৭ পয়েন্ট কমে ১২ হাজার ৯২০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্য সূচক ৫৪ পয়েন্ট কমে ১১ হাজার ১৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ৬১৭ টাকা। লেনদেনকৃত ১৮৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১ টির, কমেছে ১৩২ টির আর অপরিবর্তিত ছিল ২০টির শেয়ারের দাম।
