মৃত্যুজনিত কারণে নীটওয়্যার পোশাক কারখানা শ্রমিকদের বীমা দাবীর পরিমাণ এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকায় উন্নীত করেছে বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)। এ লক্ষ্যে বিকেএমইএ ঢাকা কার্যালয়ে জীবন বীমা কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিকেএমইএ’র সভাপতি এ.কে.এম. সেলিম ওসমান ও জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পরিক্ষীত্ দত্ত চৌধুরী এ স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং শিল্প মালিকদের নিয়মিত পুঁজি প্রবাহের সমন্বয়ের মাধ্যমেই বাংলাদেশে নীট শিল্প শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হয়েছে।
শ্রমিকরাই উত্পাদনমুখী শিল্পের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, বীমা দাবীর এই পরিমাণ বাড়ানোর ফলে স্বজনহারা পোশাক শ্রমিক পরিবার উপকৃত হবেন। এসময় জানানো হয়, বিকেএমইএ থেকে ২০০৫ সাল হতে শ্রমিকদের জন্য জীবন বীমা বাধ্যতামূলক করা হয়েছে এবং এ পর্যন্ত ৩৪২ জনকে মোট তিন কোটি একচল্লিশ লাখ টাকার বীমা চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিকেএমইএ’র পক্ষ থেকে সভাপতি সেলিম ওসমান সম্প্রতি স্মার্ট ফ্যাশনের দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিক পরিবারের জন্য ১ লাখ টাকা করে মোট সাত লাখ টাকা প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
