দিনাজপুর
কালো রাত্রির অর্গল ভাঙ্গার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠার ১০ বর্ষপূর্তি উত্সব পালন করল দিনাজপুরের শিশু-কিশোর সংগঠন মণিমেলা। এ উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচিতে আলোকবর্তিকা প্রজ্বলন, আলোচনা সভা, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠান এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মণিমেলার যাত্রা শুরু হয়েছিল ২০০৩ সালের ২২ জানুয়ারি। এ বছরের ২২ জানুয়ারি সন্ধ্যায় ‘কালো রাত্রির অর্গল ভাঙ্গবোই’ স্লোগানে আলোক প্রজ্বলনের মাধ্যমে দশকপূর্তির শুভ সূচনা করা হয় মণিমেলার ছয় রাস্তা মোড় কার্যালয়ে। কার্যালয়ের সামনে দিনাজপুরের বিপুল সংখ্যক সাংস্কৃতিক, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকর্মীসহ শিশু-কিশোরদের অংশগ্রহণে এই আলোক প্রজ্বলন করা হয়। পরে মণিমেলা গৃহে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘যখন আমরা শিশু ও নারী ধর্ষণের মতো ঘৃণ্য কাজের সংকটময় মুহূর্ত অতিক্রম করছি, সেই সময় মণিমেলার এই আলোক প্রজ্বলন আমাদেরকে নতুন করে আশার আলো দেখাতে সহায়তা করবে।’ মণিমেলার সভাপতি একেএম রেজাউর রহমান রেজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল মঈন সৈকতের পরিচালনায় আলোচনা করেন দিনাজপুর নাট্য সমিতির অধ্যক্ষ কাজী বোরহান, সংগীতজ্ঞ ওস্তাদ সাইমুদ আলী খান, গ্যালাড়ি ষড়ংয়ের পরিচালক রাজিউদ্দিন চৌধুরী ডাব্লু, জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউর রহমান রেজু, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সুইহারী সঙ্গীত নিকেতনের পরিচালক সনত্ চক্রবর্তী লিটু, ভৈরবির পরিচালক রহমত আলী, কবি আক্তারুল আলম বুলু, সাংস্কৃতিক কর্মী রবিউল আওয়াল খোকা প্রমুখ।
