ছবি সংকটে সিনিয়র তারকারা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২০:৩২
চলচ্চিত্রের মন্দা হাওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের ডিজিটাল চলচ্চিত্রের এই বাতাসে দ্বিতীয় ও তৃতীয় সারির সিনিয়র নায়িকাদের এখন মহামন্দা সময় যাচ্ছে। দুয়েকটি কম বাজেটের চলচ্চিত্র ছাড়া কেয়া, তামান্না বা শিমলার মতো তারকাদের তেমন কেউই কাস্ট করছেন না। এর পাশাপাশি শখ, মীম, মেহজাবীনদের মতো উঠতি তারকাদের চলচ্চিত্রমুখিতার কারণে তরুণ নির্মাতারা তাদেরকে নিয়েই বেশি আগ্রহ প্রকাশ করছেন। শিমলা বর্তমান চলচ্চিত্রের এই মন্দা সময় প্রসঙ্গে বলেন, ‘আমার অভিনীত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটি মুক্তি পাবে। তবে এর বাইরে কমার্শিয়াল ছবির কাজ খুবই কম বলা যায়। কারণ এখনকার নির্মাতাদের সাথে আমাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।’ এদিকে কেয়ার দুয়েকটি বিজ্ঞাপনের কাজ ছাড়া হাতে চলচ্চিত্র নেই বললেই চলে। এর মাঝে দুটি চলচ্চিত্রে প্রথমদিকে তাকে কাস্ট করা হলেও পরবর্তীতে তাকে বাদ দিয়ে এ প্রজন্মের একজন মডেলকে দিয়েই কাজ সেরেছেন নির্মাতা। অন্যদিকে দীর্ঘদিন প্রবাস যাপনের পর চলচ্চিত্রের কাজের আশায় তামান্না ঢাকায় এলেও খুব একটা কাজের খবর নেই। সর্বশেষ মঈন বিশ্বাসের পরিচালনায় ‘পাগল তোর জন্যরে’ চলচ্চিত্রের কাজ করলেও সেখানে আনকোরা নায়কের বিপরীতে অল্প বাজেটের চলচ্চিত্রে কাজ করে খুব একটা আলোচনায় আসতে পারছেন না। ফলে ডিজিটাল নামের এই চলচ্চিত্র মহামারিতে তাই চলচ্চিত্রের এক সময়ের দ্বিতীয় ও তৃতীয় সারির শিল্পীরা একেবারেই বেকার হতে বসেছেন।