‘আমার ভাষা’ নিয়ে ফেরদৌস বাপ্পী

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২০:৩৩
ভাষার মাসের প্রথম দিনে, ১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোরে বাংলা ভাষার ওপর মজার এক খেলা নিয়ে ফেরদৌস বাপ্পী এবার আসছেন। ‘আমার ভাষা’ নামের এই মজার খেলায় অংশ নিয়েছে বাংলা ও ইংরেজি মাধ্যমের ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। নতুন প্রজন্মকে শুদ্ধ বাংলা চর্চার প্রতি আগ্রহী করে তুলতে বাংলা ভাষা নিয়ে এমন মজাদার এই নতুন ধরনের অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন ফেরদৌস বাপ্পী। মজার এই খেলায় রয়েছে ‘আমি যা দেখি তুমি কি তা দেখ’। এখানে সূত্রের ওপর নির্ভর করে অনুমান করতে হয় জানতে চাওয়া শব্দ। থাকছে শব্দজট, দেওয়া শব্দ দিয়ে সাজাতে হয় নির্দিষ্ট ছক। আরেকটি মজার খেলার নাম শব্দ যখন এলোমেলো। ওলটপালট করে দেওয়া অক্ষর থেকে শব্দ বানানো। আরও থাকছে উচ্চারণ, বানান। আরও থাকছে ছবি দেখে শব্দ বলা। ভাষার মাস ফেব্রুয়ারিজুড়ে চলবে এই মজার খেলা ‘আমার ভাষা’। প্রচারিত হবে প্রতি শুক্রবার সকালে। চূড়ান্ত পর্ব প্রচারিত হবে ২১ ফেব্রুয়ারি। ফেরদৌস বাপ্পী এই ‘আমার ভাষা’ অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘২০১৩-এর পুরো বছরজুড়ে করব ভেবে বেশ কয়েকটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলাম। এর মধ্যে খুব প্রিয় পরিকল্পনাটি হচ্ছে ‘আমার ভাষা’। আশা করছি বাংলা ভাষার মজার খেলা ‘আমার ভাষা’ শিশু-কিশোরসহ অভিভাবকদেরও ভালো লাগবে।’