ডেভিড বেকহ্যামের বড় ছেলেই হয়তো ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলতে যাওয়া বেকহ্যাম পরিবারের পরবর্তী ব্যক্তি। বেকহ্যামের চার সন্তানের মধ্যে বড় ১৩ বছর বয়সী ব্রুকলিন বেকহ্যাম লন্ডনের ক্লাব চেলসিতে ট্রায়াল দিচ্ছেন। এ ছাড়া দলের অনুশীলন ক্যাম্পে অনূর্ধ্ব-১৪ দলের হয়ে একটি ম্যাচ খেললেন।
পুত্র ব্রুকলিনের খেলা দেখছেন বেকহ্যাম— এমনই একটি ছবি টুইটারে পোস্ট করেছেন বেকহ্যাম নিজেই। বেকহ্যাম লস এ্যাঞ্জেলেস-এ খেলার সময় গ্যালাক্সির যুব দলের সদস্য ছিলেন ব্রুকলিন।
আর্সেনালের অনুশীলনে বেকহ্যাম
নিজের ফিটনেস ধরে রাখার জন্য আর্সেনালের সঙ্গে অনুশীলন করেছেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। ক্লাব কোচ আর্সেন ওয়েঙ্গার একথা জানান। লস এ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে গত ডিসেম্বরে মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম শেষ করার পর ৩৭ বছর বয়সী বেকহ্যাম এখন মুক্ত। ওয়েঙ্গার সাংবাদিকদের বলেন, ‘সে এখানে আসতে চেয়েছে এবং তার ফিটনেস ঠিক রাখার জন্য কাজ করতে চেয়েছে। দীর্ঘ সময় সে কিছু করেনি।’
ওয়েঙ্গার আরও বলেন, ‘আমরা তাকে ডেকেছিলাম। এটা কেবলই তার ফিটনেস ঠিক রাখার জন্য। তাকে চুক্তিবদ্ধ করানোর কোন ধারণা থেকে নয়। এর চেয়ে বেশি কিছু নয়। ইংলিশ ফুটবলে সে যে সেবা দিয়েছে এমন কেউ যদি সাহায্য চায় এটা তার প্রাপ্য।’—বাসস/এএফপি
