শিরোপাধারী জাম্বিয়ার বিদায়

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৩
বর্তমান চ্যাম্পিয়ন জাম্বিয়ার বিদায়ের দিনে আফ্রিকান নেশন্স কাপের শেষ আটে পৌঁছে গেল এবারের আসরে দারুণ খেলতে থাকা বুরকিনা ফাসো। চেলসি তারকা ভিক্টর মোজেসের দুই গোলে শেষ আটে তাদের সঙ্গী হয়েছে ‘সুপার ইগল’ নাইজেরিয়া। যাবতীয় নাটকীয়তার অবসান ঘটিয়ে নাইজেরিয়া নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ইথিওপিয়াকে হারায় ২-০ গোলে। ম্যাচের শেষ দিকে পাওয়া দুটি পেনাল্টিকে গোলে পরিণত করে নাইজেরিয়াকে এই জয় এনে দেন দলের মোজেস। এই জয়ের ফলে টুর্নামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন জাম্বিয়াকে টপকে নাইজেরিয়া সি গ্রুপে চলে আসে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে থাকা জাম্বিয়া ১৯৯২ সালের পরে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল। ১৯৯২ সালে আলজেরিয়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে বিদায় নিয়েছিল প্রথম রাউন্ডের বাধা পেরোতে না পেরে। তবে গ্রুপের অন্য সব সদস্য তো বটেই, পুরো বিশ্বকেই চমকে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বুরকিনা ফাসো। বুরকিনা ফাসো গত মঙ্গলবার গোলহীন ম্যাচে রুখে দেয় কোচ হার্ভি রেনার্ডের দল জাম্বিয়াকে। বেলজিয়ান কোচ পল পুটের কোচিংয়ে দারুণ খেলতে থাকা বুরকিনা ফাসোর রক্ষণভাগে বার বার চেষ্টা করেও চিড় ধরাতে পারেনি জাম্বিয়ানরা। এ নিয়ে তিন খেলার সবকয়টিতে ড্রয়ের কারণে জাম্বিয়ার বিদায় নিশ্চিত হয়ে যায়। খেলা শেষে উল্লসিত কোচ পুট ছিলেন দলের খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘তারা (দলের খেলোয়াড়রা) দারুণ খেলেছে। আমরা জানতাম, জাম্বিয়া মাঠে প্রচণ্ড আক্রমণাত্মক থাকবে। তাই নিজেদের ডিফেন্স নিয়েই আমরা গত কয়েকদিন কাজ করেছি। এ ধরনের খেলা হয়তো খুব দৃষ্টিনন্দন নয়। তবে মাঠে আপনাকে বাস্তববাদি হতে হবে এবং আসল ব্যাপারটা হল পরের রাউন্ড নিশ্চিত করতে পারা।’ অবশ্য বুরকিনা ফাসো কোচের জন্য দুঃখের সংবাদও আছে। কেননা এবারের নেশন্স কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তার দলের স্ট্রাইকার অ্যালেইন ট্রায়োরে জাম্বিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে উরুর মাংসপেশীতে টান পড়ার কারণে দুই মাসের জন্য মাঠছাড়া হতে পারেন। ২৪ বছর বয়সী এই খেলোয়াড় ফরাসি ক্লাব লোরিয়েন্তে খেলেন। দলটির রবিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে টোগো ও তিউনিশিয়ার মধ্যকার বিজয়ীর সাথে খেলবে। এদিকে জাম্বিয়ার কোচ রেনার্ড দলের বিদায়ের যাবতীয় দায়ভার নিজের কাঁধে নিয়ে বলেন, ‘আমি আমার দল নিয়ে গর্বিত। মাঠে খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ চেষ্টাই করেছে। আটজন ডিফেন্ডারের বিরুদ্ধে খেলে আপনি কখনোই জিততে পারবেন না। আমাদের বিদায়ের জন্য কেউ যদি দায়ী হয়, তবে সেটা আমি। দলের কোন খেলোয়াড় নয়।’ দিনের অপর ম্যাচে ম্যাচের একেবারে শেষ দিকে পাওয়া দুটি পেনাল্টিকে কাজে লাগিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা সুপার ইগল কোচ স্টিফেন কেসি বলেন, ‘এই জয় বিশ্বের সকল প্রান্তে থাকা নাইজেরিয়ানদের। আর আমাদের জন্য এটা উপভোগের সময়। পরের রাউন্ডে আমাদের শিরোপা প্রত্যাশী আইভরি কোস্টের মুখোমুখি হতে হবে। এটা হবে কঠিন এক ম্যাচ এবং সে জন্য আমাদের একটা পরিকল্পনাও আছে । তবে সেটা দলের খেলোয়াড়দের জন্য, আপনাদের(সাংবাদিক) জন্য নয়।’ আফ্রিকান নেশন্স কাপে মঙ্গলবারের ফল গ্রুপ সি বুরকিনা ফাসো ০ জাম্বিয়া ০ ইথিওপিয়া ০ নাইজেরিয়া ২ দর্শক হিসেবে খ্যাতি আছে আফ্রিকানদের। এবারের নেশন্স কাপে তার প্রমাণ ভালই পাওয়া যাচ্ছে।-ওয়েবসাইট